অর্থনীতিতে কার্যকর উদ্যোগ চায় ঢাকা চেম্বার

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১১ এএম

ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে সরকার গঠন করায় দেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বিএনপিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। দেশের বেসরকারি খাতের প্রতিনিধিত্বকারী বাণিজ্য সংগঠনটি মনে করে, বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ তাদের কাক্সিক্ষত প্রতিনিধি নির্বাচন করেছে। যারা আগামীতে বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধ ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করবে। যোগ্য নেতৃত্বের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে অর্থনীতিকে পুনরুদ্ধারে কার্যকর উদ্যোগ গ্রহণের পর তা দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

গতকাল মঙ্গলবার ঢাকা চেম্বারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলেছে ব্যবসায়ী সংগঠনটি।

ঢাকা চেম্বার মনে করে, বিদ্যমান বৈশ্বিক ভূরাজনৈতিক অস্থিরতা, বিশেষ করে যুক্তরাষ্ট্র কর্তৃক পারস্পরিক শুল্কারোপ এবং অভ্যন্তরীণ নানামুখী সংকটের কারণে স্থানীয় অর্থনৈতিক কর্মকা- মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্থানীয় বিনিয়োগসহ বৈদেশিক বিনিয়োগ (এফডিআই)-প্রাপ্তিতে তেমন কোনো উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়নি। সেই সঙ্গে রপ্তানিমুখী খাতের অবস্থাও তেমন আশাব্যঞ্জক নয়। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এসএমই খাত। যার ফলে প্রান্তিক পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ যেমন কমেছে, সেই সঙ্গে হোঁচট খেয়েছে সামগ্রিক উৎপাদনব্যবস্থা। এ অবস্থায় উদ্যোক্তাদের ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যাওয়াই কষ্টসাধ্য হয়ে পড়েছে।

এ ছাড়া সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অনাকাক্সিক্ষত নাজুক অবনতি স্থানীয় ও বিদেশি উদ্যোক্তাদের শিল্প-কারখানা পরিচালনাকে নিরুৎসাহিত করছে। বন্দরগুলোর কার্যক্রম ও ব্যবস্থপনার সমন্বয়হীনতা, এনবিআর সংস্কারের কার্যক্রমে সৃষ্ট অচলাবস্থা, শিল্প খাতের প্রয়োজনীয় জ্বালানিপ্রাপ্তির অনিশ্চয়তা, সুদের উচ্চহার, সংকোচনমুখী মুদ্রানীতি, উদ্যোক্তাদের ঋণপ্রাপ্তির দীর্ঘসূত্রতা এবং সর্বোপরি প্রয়োজনীয় নীতি-সহায়তার অভাব প্রভৃতি বিষয়গুলো দেশের বেসরকারি খাতে অগ্রগতি মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়েছে।

এ পরিস্থিতি মোকাবিলায় দেশের জাতীয় স্বার্থ বিবেচনায় কার্যকর উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নে জনগণের নির্বাচিত জনপ্রতিনিধির উপস্থিতির বিকল্প নেই বলে মনে করে ডিসিসিআই, যা সম্প্রতি অনুষ্ঠিত এই নির্বাচনের মাধ্যমে দেশবাসী নিশ্চিত করেছে। দেশের সার্বিক অর্থনীতিকে গতিশীল রাখতে দেশের শিল্প ও বাণিজ্য খাতে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো নিরসনে নবনির্বাচিত সরকারের প্রতি আবেদন জানিয়েছে ঢাকা চেম্বার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত