বিএনপির এমপিরাও প্লট, শুল্কমুক্ত গাড়ি নেবেন না

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৩ এএম

বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের কেউই শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট নেবেন না। সংসদীয় দলের প্রথম সভায় এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘জনগণের প্রত্যাশা ও রাজনৈতিক নৈতিকতার প্রশ্নে সংসদীয় দলের বৈঠকে এ সিদ্ধান্ত এসেছে।’

এর আগে সকাল পৌনে ১১টায় সংসদ ভবনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এরপরই দলটির সংসদীয় দলের বৈঠক হয়। প্রথম বৈঠকেই এমন বড় সিদ্ধান্ত সর্বত্র সাড়া ফেলেছে।

বৈঠকে উপস্থিত বিএনপির এক নেতা জানিয়েছেন, সংসদীয় দলের বৈঠকে সরকারে বা বিরোধী দলে যে ভূমিকাই থাকুক না কেন, সংসদে সক্রিয় উপস্থিতি, জনস্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে দৃঢ় অবস্থান এবং রাজনৈতিক শালীনতা বজায় রাখার বিষয়েও আলোচনা হয়েছে। একই সঙ্গে দলীয় এমপিদের প্রতি জনগণের আস্থা ধরে রাখতে স্বচ্ছতা ও জবাবদিহিকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত