ছেলেকে না পেয়ে দিশেহারা নাসিমা খান

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫২ পিএম

এক সপ্তাহ পার হয়ে যাওয়ার পরেও ঘরে ফেরেননি বাংলা ও উর্দু চলচ্চিত্রের অভিনেত্রী নাসিমা খানের ছোট ছেলে নাবিল নাসির কুশল। ছেলেকে না পেয়ে অনেকটাই দিশেহারা অভিনেত্রী। জানা গেছে, গত ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় আশুলিয়া থানাধীন ভাদাইল এলাকার বাসা থেকে বের হওয়ার পর আর ফেরেনি কুশল। মঙ্গলবার বিকেল ৩টা পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি। 

১৪ ফেব্রুয়ারি আশুলিয়া থানায় পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়।কান্নাজড়িত কণ্ঠে নাসিমা খান গণমাধ্যমকে বলেন, ‘১১ তারিখে শার্ট পরে ঘর থেকে বের হলো। সেটাই শেষ দেখা, আর আমার বাবাটার খোঁজ পাচ্ছি না। আমি আমার ছেলের সন্ধান চাই।’ 

নাসিমা খান জানান, তার ছেলে নাবিল নাসির কুশল সিজোফ্রেনিয়ায় আক্রান্ত। তবে এর আগে কখনো এমনভাবে নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেনি। অভিনেত্রীর আশঙ্কা, মানসিক সমস্যার কারণে কুশল হয়তো নিজের ঠিকানা স্পষ্ট করে বলতে পারবে না। তার তো একটু সমস্যা আছে, সাভারের নিজের বাড়ির ঠিকানা হয়তো বলতে পারবে না; কিন্তু নিজের নাম বলতে পারবে। 

নাসিমা খানের দুই ছেলে। বড় ছেলে, ডাকনাম উপল, পড়াশোনার জন্য যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন এবং বর্তমানে সেখানেই একটি প্রতিষ্ঠানে কর্মরত। গত ডিসেম্বরেই অল্প কয়েক দিনের ছুটিতে দেশে এসে মায়ের সঙ্গে সময় কাটিয়ে গেছেন তিনি। পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়, কেউ নাবিল নাসির কুশলের সন্ধান পেলে আশুলিয়া থানায় অথবা পরিবারের সঙ্গে যেন যোগাযোগ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত