হবিগঞ্জ আ. লীগের কার্যালয়ে পতাকা উত্তোলন, স্লোগান 

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৭ পিএম

হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের ধ্বংসপ্রাপ্ত কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালের ঘটনায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

ভিডিওতে দেখা যায় ২০২৪ সালে ৩ আগস্ট আন্দোলনকারীরা শহরের টাউন হল রোডের জেলা আওয়ামী লীগের পুড়িয়ে দেওয়া কার্যালয়ের সামনে গুটিকয়েক যুবক জয় বাংলা জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে রাজপথ কাঁপবে ইত্যাদি স্লোগান দিচ্ছে।

এসময় তাদের হাতে জাতীয় ও দলীয় পতাকা ছিল। যুবকদের কয়েকজনের মুখ ঢাকা ছিল। বক্তাদের একজন ‘বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ও জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আবু জাহিরের নির্দেশে আজ থেকে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয় নেতাকর্মীদের জন্য উন্মক্ত ঘোষণা করা হয়েছে’ বলে জানান।

এদিকে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আত্মগোপন থাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি দুটি ভিডিও ও দুটি ছবি ফেসবুকে দিয়ে দাবি করেন, ‘মঙ্গলবার সকালে বাংলাদেশ আওয়ামী লীগ, হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে হবিগঞ্জ সদর ও পৌর আওয়ামী লীগ, জেলা ও সদর উপজেলা যুবলীগ, জেলা পৌর ও কলেজ ছাত্রলীগ এবং আওয়ামী লীগের প্রাণ তৃণমূলের নেতাকর্মীদের উপস্থিতিতে ২০২৪ সালের আগস্ট মাসে সশস্ত্র জঙ্গি সন্ত্রাসীদের দ্বারা ধ্বংসপ্রাপ্ত হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কার্যালয়টি পুনরায় দলীয় নেতাকর্মীদের জন্য উন্মুক্ত ঘোষণা করা হয়।’

সরেজমিনে কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয়ে গিয়ে একটি জাতীয় ও একটি দলীয় পতাকা দেখা যায়। স্থানীয় লোকজন বিষয়টি সম্পর্কে কিছুই জানেন না বলে কয়েকজন জানিয়েছেন।

হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোছা. ইয়াছমিন খাতুন বিষয়টি সম্পর্কে বলেন, আমরা মাত্র ভিডিওটি দেখলাম। ঘটনাটি আজকের না পুরোনো, তা নিশ্চিত করতে বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত