রমজানে কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: ইউএনও

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০২ পিএম

পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও বাজার নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মুস্তাফিজুর রহমান।

বালিয়াকান্দি উপজেলা পরিষদ সভাকক্ষে বুধবার সকালে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, রমজান মাসে কোনো অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি বা অযৌক্তিকভাবে মূল্যবৃদ্ধি করলে তা কোনওভাবেই বরদাশত করা হবে না। কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

তিনি আরও বলেন, ভোক্তাদের স্বার্থ সবার আগে। ন্যায্যমূল্য নিশ্চিত করতে প্রয়োজন হলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বাজারে সরবরাহ স্বাভাবিক রাখা এবং ভেজাল প্রতিরোধে কঠোর নজরদারি থাকবে।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রব তালুকদার, বাজার ব্যবসায়ী সমিতির নেতা আব্দুর রাজ্জাক, মীর মনিরুজ্জামান বাবু, শাহজাহান মৃধাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।

সভা শেষে ইউএনও জানান, সংশ্লিষ্টদের সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হবে, যা রমজানজুড়ে নিয়মিত বাজার পরিদর্শন ও পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। তিনি সাধারণ ক্রেতাদের যেকোনো অনিয়মের তথ্য দ্রুত প্রশাসনকে জানাতে আহ্বান জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত