যুদ্ধবিরতি সত্ত্বেও সীমান্তে দখল অব্যাহত থাইল্যান্ডের

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৫ এএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় শান্তিচুক্তি সত্ত্বেও থাইল্যান্ডের সেনারা এখনো কম্বোডিয়ার ভূখণ্ড দখল করছে বলে অভিযোগ করেছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন মানেত। সাক্ষাৎকারে মানেত বলেছেন, গত বছরের সংঘর্ষের পর ডিসেম্বরের যুদ্ধবিরতি কার্যকর হলেও থাই বাহিনী এখনো কম্বোডিয়ার অভ্যন্তরে অবস্থান করছে। এ ছাড়া তিনি থাইল্যান্ডকে যৌথ সীমান্ত কমিশন (জেবিসি) দ্রুত কাজ শুরু করার অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছেন, যাতে বিরোধপূর্ণ সীমান্ত নির্ধারণ প্রক্রিয়া এগিয়ে নেওয়া যায়।

মানেত আরও বলেছেন, থাই বাহিনী বহু এলাকায় কম্বোডিয়ার গভীরে অবস্থান করছে, যা থাইল্যান্ডের একতরফা দাবি করা সীমারেখারও বাইরে। তিনি আরও বলেন, এটি কোনো অভিযোগ নয়, বরং মাঠপর্যায়ের বাস্তবতার বর্ণনা। কম্বোডিয়া তার সার্বভৌমত্ব বা ভৌগোলিক অখণ্ডতার কোনো লঙ্ঘন মেনে নেবে না। মানেত আরও জানিয়েছেন, সীমান্ত বিরোধের একমাত্র সমাধান হলো বিদ্যমান চুক্তি অনুযায়ী প্রযুক্তিগত প্রক্রিয়ায় যৌথভাবে সীমানা নির্ধারণ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত