প্রায় চার বছর ধরে চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইউক্রেন ও রাশিয়ার মধ্যে দুদিনব্যাপী শান্তি আলোচনা শেষ হয়েছে। যুক্তরাষ্ট্র অগ্রগতির দাবি করলেও যুদ্ধ বন্ধে কোনো সুস্পষ্ট সংকেত দেয়নি ইউক্রেন ও রাশিয়া। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, গতকাল বুধবার জেনেভায় দ্বিতীয় দিনের বৈঠক মাত্র দুই ঘণ্টা স্থায়ী হয়; যদিও মঙ্গলবারের বৈঠক ছিল ছয় ঘণ্টার। এদিকে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে দীর্ঘস্থায়ী যুদ্ধের অবসান ঘটাতে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ওপর ‘অযথা চাপ’ প্রয়োগ করছেন বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন জেলেনস্কি। সাক্ষাৎকারে জেলেনস্কি বলেছেন, শান্তি পরিকল্পনার শর্ত নিয়ে আলোচনা করতে গিয়ে ট্রাম্প প্রকাশ্যে শুধু ইউক্রেনকেই ছাড় দিতে বলছেন, রাশিয়াকে নয়, যা ন্যায়সংগত নয়।
জেনেভায় আলোচনার বিষয়বস্তু বা কোনো বিষয়ে ঐকমত্য হয়েছে কি না, সে সম্পর্কে রাশিয়া ও ইউক্রেন কোনো পক্ষই বিস্তারিত কিছু জানায়নি। তবে উভয়পক্ষই স্বীকার করেছে যে, আলোচনা জটিল ছিল। রাশিয়ার প্রতিনিধিদলের প্রধান ভøাদিমির মেদিনস্কি এ আলোচনাকে ‘কঠিন কিন্তু পেশাদার’ উল্লেখ করেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রাশিয়া উদ্দেশ্যমূলকভাবে আলোচনা দীর্ঘায়িত করার চেষ্টা করছে। এএফপির প্রতিবেদনে বলা হয়, ভূখণ্ড ইস্যুতে এখনো সমঝোতায় পৌঁছায়নি মস্কো ও কিয়েভ। মূল অচলাবস্থা তৈরি হয়েছে ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চল নিয়ে। রাশিয়া এ অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ দাবি করছে। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বারবার ইউক্রেনের ওপর চাপ সৃষ্টি করা ন্যায়সংগত নয় বলে দাবি করেছেন জেলেনস্কি। অ্যাক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি বলেন, রাশিয়ার হাতে বিজয় তুলে দিলে শান্তি আসবে না। জেলেনস্কি আরও বলেছেন, রাশিয়ার তুলনায় ইউক্রেনের ওপর চাপ প্রয়োগ করা হয়তো সহজ। তবে তিনি শান্তি প্রচেষ্টার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানান। জেলেনস্কি আরও বলেছেন, আমি আশা করি এটা শুধু ট্রাম্পের কৌশল, চূড়ান্ত সিদ্ধান্ত নয়।
