২০১৪ বিশ্বকাপজয়ী জার্মান ফুটবলার মেসুত ওজিল বাংলাদেশে এসেছেন। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারের সংস্কার প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তিনি। তুরস্ক বংশোদ্ভূত ফুটবল তারকা আসার খবরটি আগে কাউকে জানানো হয়নি। হঠাৎ এই আগমনের খবর পেয়ে ফুটবলপ্রেমীরা জড়ো হন অনুষ্ঠান প্রাঙ্গণে।
গতকাল বুধবার বিশ্ববিদ্যালয় মেডিকেল প্রাঙ্গণে অনুষ্ঠানে আরও যোগ দেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানে ছেলে বিলাল এরদোয়ান। টার্কিশ কো-অপারেশন অ্যান্ড কো-অর্ডিনেশন এজেন্সির (টিকা) সহায়তায় মেডিকেলের সংস্কার কাজ করা হয়। টিকার আয়োজনে তারা অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানটি সমন্বয় করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু)।
আজ মেসুত ওজিল কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনে যাবেন। সেখানে আসন্ন রমজানে নিপীড়িত মানুষের জীবনযাত্রা পর্যবেক্ষণের পাশাপাশি শরণার্থীদের সঙ্গে একটি বিশেষ ইফতারে অংশগ্রহণ করবেন তিনি। এরপর রাতেই বিশেষ বিমানে দেশ ছাড়বেন তারা।