বর্ণবাদবিরোধী লড়াইয়ের প্রতীক ভিনি: রিয়ালে আট বছরে অভিযোগ ২০টি

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৪ এএম

স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর গত আট বছরে অন্তত ২০ বার বর্ণবাদী আচরণের অভিযোগের মুখে পড়েছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। সর্বশেষ অভিযোগ ওঠে লিসবনের দা লুজ স্টেডিয়ামে বেনফিকার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে।

ম্যাচ চলাকালে ভিনিসিয়ুস অভিযোগ করেন, বেনফিকার আর্জেন্টাইন মিডফিল্ডার জিয়ানলুকা প্রেস্টিয়ানি তাকে বর্ণবাদী মন্তব্য করেন। যদিও ওই ফুটবলার অভিযোগ অস্বীকার করেছেন। রিয়াল সতীর্থ কিলিয়ান এমবাপ্পে দাবি করেন, তিনি একাধিকবার আপত্তিকর শব্দ শুনেছেন। ঘটনার জেরে ম্যাচ কিছু সময়ের জন্য বন্ধ রাখতে হয় এবং ইউরোপীয় ফুটবল কর্তৃপক্ষ তদন্ত শুরু করে।

রিয়ালে খেলার সময় থেকেই স্পেনের বিভিন্ন স্টেডিয়ামে ভিনিসিয়ুসকে লক্ষ্য করে বর্ণবাদী স্লোগান, 'বানর' সম্বোধন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্বেষমূলক প্রচারণার অভিযোগ রয়েছে।

২০২১ সালে বার্সেলোনার মাঠে বদলি হওয়ার সময় গ্যালারি থেকে বর্ণবাদী মন্তব্য শোনা যায়। ২০২২ সালে মায়োর্কা সমর্থকদের বিরুদ্ধে বানরের ডাক ও অপমানের অভিযোগ ওঠে। একই বছর টিভি আলোচনায় এক ফুটবল কর্মকর্তা তাকে “বানরের মতো আচরণ” না করতে বলেন—পরে অবশ্য ক্ষমা চান তিনি।

২০২৩ সালে পরিস্থিতি আরও গুরুতর হয়, যখন তার জার্সি পরানো একটি কালো পুতুল সেতু থেকে ঝুলিয়ে দেওয়া হয়। ওই ঘটনায় কয়েকজন সমর্থককে কারাদণ্ড দেওয়া হয়, যা পরে জরিমানা ও নিষেধাজ্ঞায় রূপান্তরিত হয়।

ভ্যালেন্সিয়ার মাঠে ২০২৩ সালের ম্যাচে গ্যালারির দিকে প্রতিবাদ জানালে উল্টো তাকে লাল কার্ড দেখানো হয়। পরে ২০২৪ সালে তিন সমর্থককে জেল ও স্টেডিয়াম নিষেধাজ্ঞা দেওয়া হয়—স্পেনে এমন শাস্তি এটিই প্রথম।

শুধু ম্যাচে নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও একাধিকবার ঘৃণামূলক প্রচারণার শিকার হন ভিনিসিয়ুস। ২০২৪ সালের সেপ্টেম্বরে মাদ্রিদ ডার্বির আগে তাকে লক্ষ্য করে অনলাইনে ঘৃণা ছড়ানোর অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়। এমনকি অন্য ম্যাচের আগেও তার বিরুদ্ধে গ্যালারিতে অপমানজনক স্লোগান শোনা গেছে বলে অভিযোগ রয়েছে।

বর্ণবাদ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে ভিনিসিয়ুস আগেই বলেছিলেন, তিনি নিজেকে ভুক্তভোগী নয়, বরং বর্ণবাদীদের বিরুদ্ধে লড়াইয়ের অংশ মনে করেন। তার মতে, এসব শাস্তি কেবল তার জন্য নয়, বরং সব কৃষ্ণাঙ্গ মানুষের জন্য গুরুত্বপূর্ণ। ফুটবল বিশ্লেষকদের মতে, ধারাবাহিক এসব ঘটনার পর ভিনিসিয়ুস এখন শুধু একজন তারকা ফুটবলার নন—বিশ্ব ফুটবলে বৈষম্যের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত