সেতুমন্ত্রী

সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা চাঁদা

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৩ পিএম

সড়কে বিভিন্ন পরিবহন থেকে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া হলে সেটা চাঁদা নয়, বরং টাকা দিতে বাধ্য করা হলে সেটা চাঁদা বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলম।

আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন।

সড়ক পরিবহন মন্ত্রী বলেন, সড়কে পরিবহনের চাঁদা যেটা বলা হয়, সেভাবে আমি চাঁদা দেখি না। মালিক সমিতি, শ্রমিক সমিতি আছে, তারা তাদের কল্যাণে এটা ব্যয় করে। এটা অলিখিত বিধির মতো। চাঁদা আমি সেটাকে বলতে চাই, যেটা কেউ দিতে চায় না বা বাধ্য করা হয়।

১৮০ দিনের পরিকল্পনায় সড়কে শৃঙ্খলা ফেরানোই বর্তমান সরকারের প্রধান কাজ বলে মন্তব্য করেন রেল, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

তিনি বলেন, মেট্রোরেলের কাজ শুরু হয়েছে, তা দ্রুত গতিতে চলবে। বিআরটি প্রকল্প রাষ্ট্রের জন্য নয় কোন ব্যক্তির জন্য হয়েছিল। ১২ -১৪ লেনের জন্য এই প্রকল্প গুলো করা হয়। কিন্তু এখানে সেসব মানা হয়নি। মন্ত্রণালয়ের এই প্রকল্প চালানোর কোনও আগ্রহ নেই। তবে এটা বন্ধ করলেও নিয়ম মেনেই করা হবে। 

আসন্ন ঈদযাত্রা সম্পর্কে তিনি বলেন, গতবারের প্রক্রিয়া অবলম্বনের মাধ্যমেই এবার ঈদে মানুষের যাত্রায় স্বস্তি ফেরানো হবে। পাশাপাশি আরো কিছু করা যায় কিনা সে বিষয়েও কাজ করা হচ্ছে বলেও জানান তিনি।

বর্তমান সরকার গণমানুষের সরকার আখ্যা দিয়ে মন্ত্রী আরও বলেন, প্রতিটি সরকারি প্রতিষ্ঠানকে দেশ মাতৃকার জন্য কাজ করতে হবে। সবার উপরে দেশ। জনভোগান্তি কমিয়ে টেকসই যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

মতবিনিময়সভায় সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. জিয়াউল হক এবং মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থার প্রধানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত