ডা. শফিকুর বললেন

দলীয় পরিচয়ের কারণে জুলুমের শিকার যেন না হয়

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩১ এএম

রমজানের প্রথম ইফতার এতিমদের সঙ্গে করেছেন জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। গতকাল বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে একটি হোটেলে এতিমদের সম্মানে ইফতার মাহফিল আয়োজন করে জামায়াত। এতে প্রায় এক হাজার এতিম শিক্ষার্থী অংশগ্রহণ করে।

ঢাকা মহানগরী উত্তরের আমির সেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিকের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার, মিরপুর পূর্ব থানার আমির শাহ আলম তুহিন, কাফরুল দক্ষিণ থানা আমির আনোয়ারুল করিম, কাফরুল উত্তর থানা আমির রেজাউল করিম প্রমুখ। দেশকে এগিয়ে নিতে ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘দায়িত্বশীল বিরোধী দল হিসেবে সরকারকে গঠনমূলক সমালোচনা ও প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সর্বাত্মক সহযোগিতা করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়।’ তিনি বলেন, ‘আমরা এই দেশ ও দেশের নাগরিকদের ভালোবাসি। যদি কেউ জুলুমের শিকার হয়, তাহলে আমরা প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলব।’ ‎তিনি বলেন, ‘সরকারি ও বিরোধী দল মিলে যেন মানুষের অধিকার নিশ্চিত করতে পারি সেই চেষ্টা অব্যাহত থাকবে।’

বিরোধীদলীয় নেতা বলেন, ‘এতিমদের থেকে আমরা মণিমুক্তা বের করে আনতে চাই। তাদের এমনভাবে গড়ে তুলতে চাই, যেন তারা দেশ ও জাতি গঠনে অগ্রণী ভূমিকা রাখতে পারে।’

সম্প্রতি এখন টিভির ‎চার সাংবাদিকের চাকরি হারানোর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, ‘এটা সাংবাদিকদের স্বাধীনতার ওপর নির্লজ্জ আঘাত। আমরা সরকারের কাছে আশা করব সাংবাদিকদের চাকরিতে পুনর্বহাল করা হবে। নইলে আমরা মনে করব সরকার একনায়কতন্ত্রের দিকে যাচ্ছে।’

পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে জামায়াত আমির বলেন, আত্মশুদ্ধি ও সংযমের এ মাসে হিংসা-বিদ্বেষ ও দলীয় সংকীর্ণতা পরিহার করতে হবে। তবে সুবিচার নিশ্চিত ও সুশাসন প্রতিষ্ঠার প্রধান দায়িত্ব সরকারি দলের। দলমত-নির্বিশেষে দেশ ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

বিরোধীদলীয় নেতা বলেন, নতুন সরকারের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে প্রতি জুমার খুতবায় ইমামরা স্মরণ করিয়ে দেবেন, যাতে ন্যায়, সততা ও আল্লাহর বিধানের প্রতি শ্রদ্ধা প্রতিষ্ঠিত হয়। সেই সঙ্গে দেশের সার্বিক কল্যাণে বর্তমান সরকারকে আরও দায়িত্বশীল, জবাবদিহিমূলক ও জনমুখী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত