ক্যারিবীয় সাগরে মাদক পাচারে ব্যবহারের সন্দেহে একটি নৌযানে হামলা চালিয়ে চারজনকে হত্যা করেছে মার্কিন সামরিক বাহিনী। শনিবার (১৯ সেপ্টেম্বর) তারা এ হামলা চালায়।
নৌযানটি মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। সামরিক বাহিনীর সাউদার্ন কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, নৌযানটি যে সরাসরি মাদক পাচারে যুক্ত ছিল, সে ব্যাপারে তাদের কাছে নিশ্চিত গোয়েন্দা তথ্য ছিল।
ট্রাম্প প্রশাসন যাদের মাদক-সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছে, তাদের বিরুদ্ধেই মূলত এই অভিযান পরিচালিত হচ্ছে। গত বছর থেকে শুরু হওয়া সেই ধারাবাহিক অভিযানেরই সর্বশেষ নজির এই হামলা।
মার্কিন সামরিক বাহিনী আরও জানায়, শনিবারের এই ঘোষণার ঠিক ১০ দিন আগেও তারা ক্যারিবীয় অঞ্চলে আরেকটি হামলা চালিয়েছিল। ওই হামলায় তিনজন নিহত হন।
অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ক্যারিবীয় সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে বিভিন্ন নৌযানে হামলা চালিয়ে ২২০ জনেরও বেশি মানুষকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র। তবে মানবাধিকার সংস্থাগুলো এই হামলাগুলোকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বলে আখ্যা দিয়েছে।