লক্ষ্মীপুরের কমলনগরে ফের চাঁদাবাজি ও সহিংসতার অভিযোগে বিএনপির তিন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রয়াবি) লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজানের নির্দেশে ৮ নম্বর চর কাদিরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহিম মেম্বার মামলাটি দায়ের করেন।
মামলার আসামিরা হলেন উপজেলার ৮নম্বর চর কাদিরা ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের বাসিন্দা নোমান হাওলাদার (৫০), সিয়াম হাওলাদার (২৫) ও রাহি হাওলাদার (২০)। তারা সবাই বিএনপি কর্মী।
মামলার এজাহারে বলা হয়, ফজুমিয়ারহাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্তরা তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তার মোটরসাইকেল ভাঙচুর করে যা প্রায় এক লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাকে মারধর করে জখম করা হয় এবং টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
ভুক্তভোগী হারুন বলেন, ৫ আগস্টের পর প্রভাব খাটি আসামিরা তার দোকান ঘর দখল ও মোটরসাইকেলে হামলা করেন এবং ২ লাখ টাকা চাঁদা দাবিতে বারবার নির্যাতন করছেন।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম বলেন, প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চলতি মাসের ১৬ ফেব্রুয়ারি একই অভিযোগে রামগতি উপজেলার দলীয় ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়। ওই মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।
