আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিটিভির দিনব্যাপী বিশেষ আয়োজন

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪১ পিএম

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। মহান ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং অমর একুশের চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে সাজানো হয়েছে নানা আয়োজন।

দিনের সূচনা হবে ভোর ৬টায় রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনার থেকে প্রভাতফেরি ও পুষ্পস্তবক অর্পণের সরাসরি সম্প্রচারের মাধ্যমে। দুপুর ২টা ৫৫ মিনিটে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে চার দিনব্যাপী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান—এ অনুষ্ঠানও সরাসরি সম্প্রচার করা হবে।

সকাল ১০টায় শিশু-কিশোরদের জন্য ভাষা আন্দোলনভিত্তিক অনুষ্ঠান প্রচারিত হবে। সকাল ১০টা ৪০ মিনিটে ভাষা আন্দোলনের ইতিহাস, তাৎপর্য ও সাংস্কৃতিক প্রভাব নিয়ে বিশেষ প্রামাণ্যচিত্র এবং ১১টা ৫ মিনিটে থাকবে ছড়া ও গানের আয়োজন। দুপুর ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট নিয়ে বিশেষ অনুষ্ঠান এবং ১২টা ৩০ মিনিটে প্রচারিত হবে সংগীতানুষ্ঠান ‘ভাষার গান’। পিয়াল হাসানের পরিচালনায় এতে গান পরিবেশন করবেন পিয়াল হাসান, সুলতানা চৌধুরী, সাব্বির, স্মরণ, শবনম প্রিয়াংকা, হুমায়রা বশির, স্বরলিপি, স্বীকৃতি, লাবণী ও অনন্যা আচার্য।

দুপুর আড়াইটায় প্রচারিত হবে ‘একুশ মানে মাথা নত না করা’ এবং ৩টা ১০ মিনিটে স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে থাকবে কবিতা আবৃত্তি। সন্ধ্যা ৭টায় ‘কথা সাহিত্যে অমর একুশে’ শীর্ষক বিশেষ আয়োজনে ভাষা আন্দোলনভিত্তিক গল্প, প্রবন্ধ ও স্মৃতিচারণ তুলে ধরা হবে।

রাত ৯টায় প্রচারিত হবে নাটক ‘সিদ্ধান্ত’। কাজী আসাদের রচনায় নাটকটি প্রযোজনা করেছেন মামুন মাহমুদ। এতে অভিনয় করেছেন মাসুম বাশার, কাজী আসাদ, সালমান আরাফাত, তাবেদার ই রসুল চান্নু, এথেনা অধিকারী, জান্নাত-ই ফেরদৌসী তারা, কবির টুটুল, আরাফাত, আয়েশা, মৌসুমী ইকবাল, মাসুদ ও ইসমাইল হোসেন। ভাষা শহিদদের আত্মত্যাগ ও ইতিহাসের প্রেক্ষাপটে নির্মিত এ নাটকটি রাতের প্রধান আকর্ষণ।

রাত ১০টায় প্রচারিত হবে ‘আলেখ্যানুষ্ঠান’, যেখানে ভাষা আন্দোলনের শহিদদের সংগ্রাম ও চেতনার আলোকচ্ছটা তুলে ধরা হবে। দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটবে রাত ১১টার বিশেষ সংগীতানুষ্ঠানের মাধ্যমে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত