শাহবাজের মানহানি মামলার বিচার বন্ধের নির্দেশ সুপ্রিম কোর্টের

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৮ এএম

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দায়ের করা ১০ হাজার কোটি (১০ বিলিয়ন) রুপির মানহানি মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের বিরুদ্ধে বিচারিক আদালতের কার্যক্রম স্থগিত করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিচারপতি আয়েশা মালিকের নেতৃত্বাধীন তিন সদস্যের একটি বেঞ্চ কারাবন্দি ইমরান খানের আবেদনের প্রেক্ষিতে এই স্থগিতাদেশ দেন।

সুপ্রিম কোর্ট এই মামলার পরবর্তী কার্যক্রমের জন্য প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে নোটিশ পাঠিয়ে তাঁর জবাব তলব করেছেন। আদালত পর্যবেক্ষণে জানিয়েছেন, বিষয়টি দ্রুত শুনানির জন্য তালিকাভুক্ত করা হবে। শুনানিকালে বিচারপতি আয়েশা মালিক উল্লেখ করেন যে, শুনানির সময় অপর পক্ষ থেকে কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।

এই মামলার সূত্রপাত ২০১৭ সালে। ওই বছরের ২৬ এপ্রিল একটি টেলিভিশন অনুষ্ঠানে ইমরান খান দাবি করেছিলেন, পানামা পেপারস মামলা থেকে সরে দাঁড়ানোর জন্য শাহবাজ শরিফ তাঁকে ১০ বিলিয়ন রুপির প্রস্তাব দিয়েছিলেন। শাহবাজ শরিফ এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও মানহানিকর আখ্যা দিয়ে ওই বছরের মে মাসে ইমরান খানকে আইনি নোটিশ পাঠান। তবে ইমরান খান প্রকাশ্যে ক্ষমা না চাওয়ায় তাঁর বিরুদ্ধে ১০ বিলিয়ন রুপি ক্ষতিপূরণ চেয়ে মামলাটি দায়ের করা হয়।

সুপ্রিম কোর্টের এই স্থগিতাদেশ আসার আগে নিম্ন আদালত ইমরান খানের আত্মপক্ষ সমর্থনের অধিকার বাতিল করেছিলেন। গত বছরের ১৭ মে ভিডিও লিংকের মাধ্যমে আদালতে হাজির হয়ে ইমরান খানের আইনজীবীর জেরার মুখোমুখি হয়েছিলেন শাহবাজ শরিফ। সেখানে তিনি দাবি করেন, এই মিথ্যা অভিযোগ তাঁর সম্মানের ওপর চরম আঘাত হেনেছে।

জেরার সময় শাহবাজ শরিফ বলেছিলেন, যদিও টেলিভিশন অনুষ্ঠানে তাঁর নাম সরাসরি উল্লেখ করা হয়নি, তবে বক্তব্যের পুরো প্রেক্ষাপট ছিল তাঁর দিকে ইঙ্গিত করে। তিনি আরও উল্লেখ করেন যে, ব্যক্তিগতভাবে কোনো প্রচারপত্র বিলি করার চেয়ে টেলিভিশনে দেওয়া এই অভিযোগ তাঁর ভাবমূর্তির অনেক বেশি ক্ষতি করেছে।

সূত্র: জিও নিউজ

×
সর্বশেষ সর্বাধিক পঠিত