বাবা-ছেলেসহ সড়কে প্রাণ গেল ৭ জনের

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০২ এএম

জামালপুরে পুলিশের চেকপোস্টে গাড়ি থামানোর সময় ট্রাকচাপায় দেলোয়ার হোসেন (৫০) ও ইসতিয়াক আহাম্মেদ (২০) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সম্পর্কে তারা বাবা-ছেলে। গতকাল শুক্রবার দুপুর ১টার দিকে জামালপুর-শেরপুর সেতু এলাকার দক্ষিণ পাশের সড়কে পুলিশ চেকপোস্টের সামনে এ ঘটনা ঘটে। নিহতদের বাড়ি শেরপুর সদর উপজেলার চরমাচারিয়া ইউনিয়নের কেন্দুয়ারচর মাঝপাড়া গ্রামে।

জানা গেছে, দুপুরের দিকে দেলোয়ার তার দুই ছেলে ইসতিয়াক ও আবরারকে সঙ্গে নিয়ে জুমার নামাজ আদায় করার জন্য গ্রামের বাড়ি শেরপুর যাওয়ার উদ্দেশে জামালপুর শহরের মুকুন্দবাড়ি এলাকার ভাড়া বাড়ি থেকে বের হন। শেরপুর যাওয়ার পথে জামালপুর-শেরপুর সেতুর দক্ষিণ পাশের চেকপোস্টে দায়িত্বপালন করা কয়েকজন পুলিশ সদস্য শেরপুরগামী একটি ট্রাককে দাঁড়ানোর জন্য ইশারা দেন। পুলিশের কথা অমান্য করে ট্রাকচালক দ্রুত চেকপোস্ট অতিক্রম করতে যায়। এ সময় ওই ট্রাকচালক ট্রাকের সামনে থাকা মোটরসাইকেলকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাবা দেলোয়ার ও বড় ছেলে ইসতিয়াক মারা যান। আহত হন ছোট ছেলে আবরার।

এদিকে, দিনাজপুরের বিরামপুর পৌর শহরের কলেজ বাজার টিঅ্যান্ডটি অফিসসংলগ্ন মহাসড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের চালকসহ দুজন নিহত হয়েছেন। গতকাল দুপুর সাড়ে ১২টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজনের মধ্যে একজনের মানিব্যাগে থাকা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে পরিচয় জানা গেছে। তিনি হলেন দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার শালিকাদহ গ্রামের মো. মিজানুর রহমানের ছেলে মো. সজীব হাসান (২৫)। নিহত অন্যজনের পরিচয় জানা যায়নি। বিরামপুর থানার ওসি সাইফুল ইসলাম সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

নোয়াখালীর কবিরহাটে তেলবাহী লরিচাপায় এক সার ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এতে তার দুই ছেলে গুরুতর আহত হন। গতকাল সকাল পৌনে ১১টার দিকে সোনাপুর টু কবিরহাট সড়কের সুন্দলপুর ইউনিয়নের ট্রান্সমিটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. শফিক (৬০) উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত মমিনুল হকের ছেলে। আহতরা হলেন নিহতের ছেলে শাকিল (২১) একা (১৯)। স্থানীয়রা জানায়, সকাল ১০টার দিকে সদর উপজেলার সোনাপুর থেকে যমুনা তেলবাহী একটি লরি কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসে। যাত্রাপথে লরিটি সোনাপুর টু কবিরহাট সড়কের সুন্দলপুর ইউনিয়নের ট্রান্সমিটার এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যবসায়ী শফিকসহ তার দুই ছেলেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শফিক মারা যান। কবিরহাট থানার ওসি নিজাম উদ্দিন ভূঞা বলেন, তেলবাহী লরিচাপায় ওই ব্যবসায়ী ঘটনাস্থলে মারা যান।

সিরাজগঞ্জের সলঙ্গা থানার রৌহাদহ গ্রামে তাড়াশ-সলঙ্গা সড়কে নসিমনচাপায় এক শিশু নিহত হয়েছে। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে সলঙ্গা থানার এসআই মাহমুদ কবির জানিয়েছেন। নিহত তাবাসসুম (৬) উল্লাপাড়া উপজেলার চৈত্রহাটি গ্রামের তফিস উদ্দিনের মেয়ে। লাশ উদ্ধার করে পুলিশ স্বজনদের কাছে হস্তান্তর করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রৌহাদহ এলাকায় দুই শিশু দৌড়ে রাস্তা পার হচ্ছিল। এ সময় পেছন থেকে আসা মাছবোঝাই একটি নসিমন তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাবাসসুমের মৃত্যু হয়।

মাগুরা সদর উপজেলার মাগুরা-যশোর সড়কের কেচুয়াডুবি এলাকায় গত বৃহস্পতিবার রাতে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক আকাশ (২৮) নিহত হয়েছেন। তিনি মাগুরা সদরের কুকিলা গ্রামের সবুর মন্ডলের ছেলে।

জানা গেছে, গাজীপুর জেলার মাওনা এলাকা থেকে টাইলসবোঝাই একটি ট্রাক সাতক্ষীরার উদ্দেশে রওনা দেয়। পথে মাগুরা-যশোর মহাসড়কের কেচুয়াডুবি এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে উল্টে যায়। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের সামনের অংশ কেটে টালক আকাশকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত