উন্মুক্ত হলো রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনার

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৩ এএম

অবশেষে বিভাগীয় শহর রাজশাহীতে হলো কেন্দ্রীয় শহীদ মিনার। রাজশাহীবাসী দীর্ঘদিন ধরেই একটি কেন্দ্রীয় শহীদ মিনারের দাবি জানিয়ে আসছিল।

বিগত সরকারের আমলে এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশন ও জেলা পরিষদের মধ্যে বেশ টানাটানি অবস্থার তৈরি হয়। অবশেষে জেলা পরিষদ শহীদ মিনার বানানোর কাজ শেষ করেছে। গতকাল শুক্রবার রাতে একুশের প্রথম প্রহরে এটি সবার জন্য উন্মক্ত করা হয়। 

রাজশাহী জেলা পরিষদের তথ্য মতে, রাজশাহীর পুরাতন সার্ভে ইনস্টিটিউটের জায়গায় পূর্বনির্ধারিত প্রায় এক একর এলাকা জুড়ে নির্মিত হয়েছে এই কেন্দ্রীয় শহীদ মিনার। প্রায় ৭ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে জেলা পরিষদের উদ্যোগে এর নির্মাণকাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে এটি তৈরি করা হয়েছে। শহীদ মিনারের আশপাশের এলাকায় ফুল গাছ লাগিয়ে সৌন্দর্য বাড়ানো হয়েছে।

রাজশাহী জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান জানান, মানুষের দীর্ঘদিনের চাওয়ার বাস্তবায়ন হলো। এতে খরচ হয়েছে প্রায় ৮ কোটি টাকা। এটির সার্বিক দেখভালের জন্য তিনজনকে নিয়োগ দেওয়া হয়েছে, সারা বছরই যাতে শহীদ মিনারের মর্যাদা রক্ষা করা হয় সেজন্য সবার সহযোগিতা চেয়েছেন তিনি।  

এর আগে ২০২০ সালের ১৬ ডিসেম্বর রাজশাহী সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় কেন্দ্রীয় শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ওইদিন ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন ভাষাসৈনিক ও বীরমুক্তিযোদ্ধা গোলাম আরিফ টিপু।

এদিকে রাজশাহীতে অবশেষে কেন্দ্রীয় শহীদ মিনার হওয়ায় বেশ উচ্ছ্বসিত রাজশাহীবাসী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত