নতুন সরকারের অর্থ ও পরিকল্পনামন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর আমীর খসরু মাহমুদ চৌধুরীর প্রথমবার চট্টগ্রাম আগমনে গতকাল শুক্রবার শাহ আমানত বিমানবন্দর ও তার বাসভবনে দলের নেতাকর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াকে চট্টগ্রামের জন্য অহংকারের বিষয় বলেও মন্তব্য করেছেন তারা। এদিকে, শাহ আমানত বিমানবন্দরে পা রেখেই চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করার কাজ শুরুর সুসংবাদ দিয়েছেন অর্থমন্ত্রী।
গতকাল সকালে ইউএস বাংলার একটি ফ্লাইটে চট্টগ্রাম আসেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। এ সময় সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানসহ বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মী বিমানবন্দরে তাকে স্বাগত জানান। তার আগমনের পূর্ব ঘোষণা থাকায় সকাল থেকেই কয়েক হাজার নেতাকর্মী বিমানবন্দরে উপস্থিত হন। বিমানবন্দর থেকে বের হওয়ার পর তার গাড়ি ঘিরে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। এ সময় গাড়িতে বসেই সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তিনি বলেন, চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করার কাজ এখন শুরু হবে।
