বগুড়ার নন্দীগ্রামে পূর্বশত্রুতার জেরে মো. মিলন হোসেন (১৭) নামের এক কিশোরকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাতে উপজেলার বুড়ইল ইউনিয়নে এ হত্যাকা-ের ঘটনা ঘটে। জানা গেছে, রাতে তারাবির নামাজ পড়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয় মিলন। রাত ১১টার দিকে পথে আগে থেকে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত মিলনের শরীরে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নন্দীগ্রাম থানার ওসি মিজানুর রহমান বলেন, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকা- ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
এদিকে, যশোরের শার্শা উপজেলায় নামাজ পড়ে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক গ্রাম্য চিকিৎসক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার বারিপোতা গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত আল আমিন নাভারন এলাকার রফিকুল ইসলামের ছেলে। তিনি স্থানীয়ভাবে চিকিৎসাসেবা প্রদান করতেন।
জানা গেছে, নামাজ আদায় শেষে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে শার্শা থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহ আলম জানান, ধারণা করা হচ্ছে আল আমিনের দ্বিতীয় স্ত্রীর প্রথম স্বামীর সঙ্গে বিরোধে হত্যাকান্ড ঘটতে পারে। পুলিশ এ বিষয়টিতে প্রাধান্য দিয়ে তদন্ত করছে।
