জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেছেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে স্পষ্ট করেছেন যে, সরকারি কর্মকর্তাদের মূল্যায়নের একমাত্র পদ্ধতি হবে সততা, দক্ষতা এবং মেধা। এর কোনো বিকল্প নেই বা বিকল্প থাকার সুযোগও নেই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে জয়পুরহাট শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো শেষে তিনি এসব কথা বলেন।
ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি আরও বলেন, পৃথিবীর কোনো দেশেই ভাষার জন্য জীবন দেওয়ার এমন নজির নেই। ইউনেস্কো এটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির ও জয়পুরহাট -১ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ, জেলা প্রশাসক আল মামুন মিয়া, পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সহ সরকারি বেসরকারি বিভিন্ন অফিস ও বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক ও শ্রমিক সংগঠন।
