দেড় বছর পর জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় জয়বাংলা শ্লোগান দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৭টায় উপজেলার বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে এ পতাকা উত্তোলন করা হয়। এ সময় ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করে নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বগারচর ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক মো.সাজ্জাদ কাদির সাজু, সদস্য রেজাউল করিম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো.আইয়ুব আলী, ইউনিয়ন তাঁতী লীগের যুগ্ম-সম্পাদক রেজাউল ও নিষিদ্ধ ছাত্রলীগ বগারচর ইউনিয়ন শাখার সভাপতি নিয়ামত উল্লাহসহ বেশ কয়েকজন নেতাকর্মী।
তবে পতাকা উত্তোলন ও মুনাজাতের পরই কার্যালয় প্রাঙ্গন থেকে সটকে পড়েন তারা। এ ঘটনায় বগারচর ইউনিয়নে নানা প্রতিক্রিয়া শুরু হয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর বিক্ষুব্ধ ছাত্র জনতা বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় পুড়িয়ে দেয়। তখন থেকে দলীয় কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে।
