ওপার বাংলার আলোচিত দম্পতি নির্মাতা রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাজের ৫১তম জন্মদিন উপলক্ষে সামাজিক মাধ্যমে তাকে শুভেচ্ছা জানিয়েছেন শুভশ্রী।
রাত ১২টার কিছু সময় পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে রাজের সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করেন তিনি। ছবিতে দেখা যায়, রাজ কালো টি-শার্ট ও ডেনিমে এবং শুভশ্রী লাল টপ ও কালো প্যান্টে ক্যাজুয়াল লুকে ধরা দিয়েছেন। কয়েকটি ছবিতে তাদের ঘনিষ্ঠ মুহূর্তও উঠে এসেছে।
ছবির ক্যাপশনে শুভশ্রী লেখেন, ঈশ্বর তাদের একে অপরের জন্যই তৈরি করেছেন-এমন বিশ্বাসের কথা জানিয়ে তিনি রাজকে জন্মদিনের শুভেচ্ছা জানান।
এদিকে রাজ বর্তমানে 'আবার প্রলয় ২' সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ব্যক্তিগতভাবে বড় আয়োজন না করলেও ঘনিষ্ঠজনদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন তিনি। জন্মদিনের আগে শহরের একটি রেস্তোরাঁয় ছোট পরিসরে উদযাপন করেন দম্পতি। সেখানে পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
পেশাগত ব্যস্ততার মধ্যেও রাজকে বরাবরই পরিবারমুখী মানুষ হিসেবে দেখা যায়। সংসার ও কাজ দুই ক্ষেত্রেই একে অপরের পাশে থাকেন রাজ ও শুভশ্রী। মা-বাবা হওয়ার পরও তাদের সম্পর্কের উষ্ণতা ও পারস্পরিক সমর্থন টলিপাড়ায় আলোচিত।
