‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শহীদ মিনারে ফুল, ২ আ. লীগ নেতা আটক

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৩ পিএম

গাইবান্ধা শহরের পৌরপার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেওয়ার পর আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। আজ শনিবার বিকেল তিনটার দিকে তারা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল করে ফেরার সময় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন গাইবান্ধা শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমারুল ইসলাম এবং সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার।

​প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বেলা তিনটার দিকে শহরের রেলগেটস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুজ্জামানসহ আওয়ামী লীগের স্থানীয় ২৫-৩০ জন নেতাকর্মী একটি ঝটিকা মিছিল বের করেন। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। তারা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। শেষে মিছিলকারিরা হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একটি ঝটিকা মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের দিকে ফিরছিলেন। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ধাওয়া দিয়ে ওই দুইজন নেতাকে আটক করে। বাকি সদস্যরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি মুঠোফোনে জানান, আওয়ামী লীগের দলীয় কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। তারপরও তারা মিছিল বের করে। তাই জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় দুজনকে আটক করা হয়। এ ছাড়া আটককৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত