ইডিইউতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৬ পিএম

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদ্‌যাপন করেছে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি (ইডিইউ)। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাহিত্য–সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ নাজিম উদ্দিন। প্রধান অতিথি ছিলেন অধ্যাপক মো. সিকান্দার খান, প্রফেসরিয়াল ফেলো ও উপদেষ্টা, বোর্ড অব ট্রাস্টিজ, ইডিইউ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিদ্দিক আহমেদ চৌধুরী।

বক্তারা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম এবং সমকালীন বাংলাদেশ গঠনে তরুণদের ভূমিকা ছিল অনন্য। মাতৃভাষার মর্যাদা রক্ষা এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে নতুন প্রজন্মকে আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তাঁরা।

দিবসটি উপলক্ষে ইডিইউ লিটারারি ক্লাবের আয়োজনে রচনা ও বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়। রচনা প্রতিযোগিতার বিষয় ছিল—‘একুশ থেকে চব্বিশ: অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ বিনির্মাণে তরুণদের শক্তি (From 1952 to 2024: The Power of Youth in Building an Inclusive Bangladesh)’। বক্তৃতা প্রতিযোগিতার বিষয় ছিল—‘কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে মাতৃভাষা বাংলার সম্ভাবনা ও সংকট’।

প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। আয়োজকেরা জানান, ভাষা আন্দোলনের চেতনা তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এবং সাহিত্যচর্চায় শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতেই এ আয়োজন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেষে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত