'এল মেনচো' নিহত হওয়ার জেরে বিশ্বকাপ আয়োজক শহরকে ঘিরে অরাজকতা

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৯ পিএম

মেক্সিকোর পশ্চিমাঞ্চলে শক্তিশালী একটি মাদকচক্রের শীর্ষ নেতার মৃত্যুর পর সৃষ্ট অস্থির নিরাপত্তা পরিস্থিতির কারণে রবিবার দেশটির চারটি গুরুত্বপূর্ণ ফুটবল ম্যাচ স্থগিত করা হয়েছে। বিশ্বকাপের আয়োজক শহর গুয়াদালাহারার কাছাকাছি এলাকায় সেনাবাহিনীর অভিযানে মাদকচক্রের নেতা নিহত হওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে আগামী বুধবার আইসল্যান্ডের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলবে মেক্সিকো। ম্যাচটি হওয়ার কথা এস্তাদিও কোরেগিদোতে। তবে ম্যাচটি স্থগিত করা হবে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি মেক্সিকান ফুটবল ফেডারেশন।

কুখ্যাত মাদকচক্র কার্টেল হালিস্কো নুয়েভা জেনেরাসিওনের নেতা 'এল মেনচো’ নামে পরিচিত নেমেসিও রুবেন ওসেগুয়েরা সারভান্তেস সেনাবাহিনীর অভিযানে গুলিবিদ্ধ হন। পরে তাকে হেলিকপ্টারে মেক্সিকো সিটিতে নেওয়ার সময় তার মৃত্যু হয়। তার মৃত্যুর পরপরই দেশটির প্রায় এক ডজন রাজ্যে সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে।

জালিস্কোর রাজধানী গুয়াদালাহারা আগামী জুনে ২০২৬ ফিফা বিশ্বকাপের চারটি ম্যাচ আয়োজন করার কথা রয়েছে। এর মধ্যে দুটি ম্যাচে অংশ নেবে দক্ষিণ কোরিয়া। এছাড়া সেখানে ম্যাচ খেলবে সহ-আয়োজক মেক্সিকো, স্পেন, উরুগুয়ে ও কলম্বিয়া।

কর্তৃপক্ষের তথ্যমতে, সিজেএনজি বর্তমানে মেক্সিকোর সবচেয়ে শক্তিশালী মাদকচক্র হিসেবে বিবেচিত। সংগঠনটির আনুমানিক সদস্যসংখ্যা প্রায় ১৯ হাজার এবং দেশটির ৩২টি রাজ্যের মধ্যে ২১টিতে তাদের কার্যক্রম বিস্তৃত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত