রাষ্ট্রবিজ্ঞানে পড়ার ভবিষ্যৎ

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৯ এএম

উচ্চশিক্ষা বাছাইয়ের সময় অনেক শিক্ষার্থী দ্বিধায় পড়েন। কোন বিষয়ে পড়বেন। অনেকেই রাষ্ট্রবিজ্ঞানে পড়তে চান। কিন্তু বুঝতে পারেন না। রাষ্ট্রবিজ্ঞান পড়লে ভবিষ্যৎ কতটা নিরাপদ? বাস্তবে রাষ্ট্রবিজ্ঞান কেবল রাজনীতি জানার বিষয় নয়; এটি রাষ্ট্র, প্রশাসন, আইন, ক্ষমতা কাঠামো ও আন্তর্জাতিক সম্পর্ক বোঝার মৌলিক সামাজিক বিজ্ঞান। দেশে এই বিষয়ের শিক্ষার্থীদের জন্য সরকারি ও বেসরকারি খাতে রয়েছে বহুমুখী কর্মক্ষেত্র।

রাষ্ট্রবিজ্ঞান পড়ার মূল শক্তি হলো বিশ্লেষণ। একটি রাষ্ট্র কীভাবে পরিচালিত হয়, নীতিনির্ধারণের পেছনের প্রক্রিয়া কী, গণতন্ত্র ও সংবিধান কীভাবে নাগরিক অধিকার রক্ষা করে এসব প্রশ্নের উত্তর খোঁজাই এই বিষয়ের মূল বৈশিষ্ট্য। ফলে শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয় যুক্তিভিত্তিক চিন্তা, গবেষণা দক্ষতা ও সমসাময়িক বিষয় বিশ্লেষণের ক্ষমতা, যা এ সময়ে চাকরির বাজারে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিসিএস ও সরকারি চাকরিতে অগ্রাধিকার

রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থীদের সবচেয়ে বড় গন্তব্য বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস)। প্রশাসন ক্যাডার ছাড়াও পররাষ্ট্র, তথ্য, সমাজসেবা, আনসার কিংবা পুলিশ প্রশাসনে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থীদের উপস্থিতি চোখে পড়ার মতো। রাষ্ট্র পরিচালনা ও নীতিগত বিষয়ে একাডেমিক জ্ঞান থাকায় এই বিভাগের শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাড়তি সুবিধা পান।

উন্নয়ন সংস্থা ও আন্তর্জাতিক কর্মক্ষেত্র

সরকারি চাকরির পাশাপাশি রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য বড় সুযোগ তৈরি হয়েছে এনজিও ও উন্নয়ন সংস্থায়। প্রজেক্ট অফিসার, রিসার্চ অ্যাসোসিয়েট, পলিসি অ্যানালিস্ট এ ধরনের পদে রাষ্ট্র ও সমাজ সম্পর্কে গভীর ধারণা থাকা প্রয়োজন, যা এই বিষয়ের পাঠ্যক্রম থেকেই আসে। আন্তর্জাতিক সংস্থা ও থিংকট্যাংকগুলোও রাষ্ট্রবিজ্ঞানের গ্র্যাজুয়েটদের গুরুত্ব দেয়।

শিক্ষকতা, গবেষণা ও গণমাধ্যম

রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর শেষে শিক্ষকতাও সম্মানজনক পেশা। কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি গবেষণা প্রতিষ্ঠানেও কাজের সুযোগ রয়েছে। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষণ, নির্বাচন, সংসদ কার্যক্রম ও নীতিগত ইস্যু নিয়ে কাজ করতে গিয়ে অনেক রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী গণমাধ্যমে নিজেদের জায়গা করে নিচ্ছেন।

বাংলাদেশে কোথায় পড়বেন

দেশের প্রায় সব সরকারি বিশ্ববিদ্যালয়েই রাষ্ট্রবিজ্ঞানের বিভাগ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলো থেকেও শিক্ষার্থীরা এই বিষয়ে পড়তে পারবেন।

কোথায় পাবেন চাকরি

রাষ্ট্রবিজ্ঞানে চাকরি পাওয়া নির্ভর করে দক্ষতার ওপর। ভালো লেখালেখি, সমসাময়িক রাজনৈতিক ও আন্তর্জাতিক বিষয় সম্পর্কে সচেতনতা, গবেষণা অভ্যাস এবং যোগাযোগ দক্ষতা থাকলে এই বিষয়ের শিক্ষার্থীরা সহজেই নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন। সনদের পাশাপাশি বাস্তব জ্ঞান ও প্রস্তুতিই এখানে মূল চাবিকাঠি। রাষ্ট্রবিজ্ঞান শুধু চাকরির বিষয় নয়, এটি একজন শিক্ষার্থীকে সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলে, তাই যারা চিন্তাশীল, বিশ্লেষণধর্মী ও নেতৃত্বে¡ আগ্রহী রাষ্ট্রবিজ্ঞান তাদের জন্য একটি সময়োপযোগী ও সম্ভাবনাময় বিষয়।

লেখক : শিক্ষার্থী, সাউথ ইস্ট ইউনিভার্সিটি

সর্বশেষ সর্বাধিক পঠিত