আ.লীগের অফিস খোলার বিষয়টি দেখা হবে আইনগতভাবে

জানালেন মির্জা ফখরুল

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৫ এএম

সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ হলেও যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সারা দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের অফিস খোলার বিষয়টি আইনগতভাবে দেখা হবে বলেও জানিয়েছেন তিনি। গতকাল সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

বিভিন্ন স্থানে আওয়ামী লীগের অফিস খোলা হচ্ছেএ বিষয়ে সরকারের অবস্থান কী? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয় খোলার যে প্রসঙ্গ, সেটিকে আইনগতভাবে দেখা হবে। এটা আমরা চাইনি এবং যেহেতু আইনগতভাবে বলা আছে যে তাদের কার্যক্রম নিষিদ্ধ, সেভাবেই এটাকে দেখা হবে সব জায়গায়।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর এই প্রথম বিএনপির কোনো মন্ত্রী বা জ্যেষ্ঠ নেতা এ কার্যালয়ে যান। সকাল সাড়ে ১০টায় নয়াপল্টন অফিসে যান বিএনপি মহাসচিব। সেখানে দলটির নেতা-কর্মীরা মির্জা ফখরুলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর কিছুক্ষণ নিজের কক্ষে বসেন। এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল বলেন, ‘নয়াপল্টনে বিএনপির এ কার্যালয় থেকে বিগত সময়ে সবচেয়ে বেশি আন্দোলন ও কর্মসূচি পালন করা হয়; যার নেতৃত্বে ছিলেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এ কার্যালয় থেকে দেওয়া কর্মসূচিগুলো জনগণকে অনুপ্রাণিত করেছিল।’

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমরা এখন এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। আমাদের তরুণ নেতা, দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে। অতি অল্প সময়ের মধ্যেই তিনি দেশের মানুষের মধ্যে নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন। তার কর্মপদ্ধতি প্রমাণ করে যে, তিনি দেশ পুনর্গঠনে কতটা নিবেদিত। আমরা বিশ্বাস করি, তার নেতৃত্বে সরকার সফল হবে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লক্ষ্য অনুযায়ী একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে।’

ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগে স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে যাচ্ছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নর জবাবে মন্ত্রী বলেন, ‘সঠিক সময়ে সরকারি নিয়ম মেনে স্থানীয় সরকার নির্বাচন হবে। সরকারি নিয়মকানুন আছে এবং যেসব প্রথা আছে, সেগুলো কতগুলোর মেয়াদ আছে, কতগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে, সবগুলোকে এক জায়গায় নিয়ে এসে সরকারের তরফ থেকে একটি সঠিক সময়ে এই নির্বাচনগুলো দেওয়ার ব্যবস্থা আমরা করব। তবে নিঃসন্দেহে এই নির্বাচনকে প্রাধান্য দেওয়া হবে।’

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপি কাদের মনোনয়ন দেবে, এমন প্রশ্নের উত্তরে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘তাদের জনগণের সঙ্গে সম্পৃক্ততা থাকতে হবে, রাজনীতি ও দলের সঙ্গে সম্পৃক্ততা থাকতে হবে। আমাদের দলের পক্ষ থেকে যারা দলের সঙ্গে সম্পৃক্ত আছেন, তাদের প্রাধান্য দেওয়া হবে।’

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন, তারিকুল ইসলাম তেনজিং, নির্বাহী কমিটির সদস্য সালাহ উদ্দিন, বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান, হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ভাইস চেয়ারম্যন তপন কুমার মজুমদার প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত