১২ মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৬ এএম

আগামী ১২ মার্চ থেকে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। ওইদিন বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এই অধিবেশন হবে। গতকাল সোমবার জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১২ মার্চ বৃহস্পতিবার বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। রাষ্ট্রপতি সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেন। সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) মো. এমাদুল হক স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনের ফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে রাষ্ট্রপতিকে নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করতে হয়। গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের পরদিন অর্থাৎ ১৩ ফেব্রুয়ারি ফলের গেজেট প্রকাশিত হয়। গেজেট প্রকাশের সময়সীমা মেনেই রাষ্ট্রপতি এই অধিবেশন ডাকলেন।

সংসদীয় রেওয়াজ অনুযায়ী, নতুন সংসদের প্রথম অধিবেশনের শুরুতেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। এরপর প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ও আগামীর পরিকল্পনা তুলে ধরে ভাষণ দেবেন। রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনা হবে। রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে সংসদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত