বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, সামনে যেহেতু হজ মৌসুম, তাই হজযাত্রীদের দুর্ভোগ ও প্রবাসী যাত্রীদের দুর্ভোগ কমাতে কাজ করব।
গতকাল সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে মানিকগঞ্জের সার্কিট হাউজে তার নির্বাচনী এলাকা মানিকগঞ্জ-৩ আসনে কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এক প্রশ্নের উত্তরে মন্ত্রী আফরোজা বলেন, যেহেতু মুন্সীগঞ্জে একটি আন্তর্জাতিক বিমানবন্দর হয়নি, সেখানে মানিকগঞ্জের পাটুরিয়া-আরিচা ফেরিঘাটের কাছে একটি বিমানবন্দর তৈরির কথা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব। তাছাড়া মানিকগঞ্জের বালিয়াটি জমিদারবাড়ি, তেওতা জমিদারবাড়ি এবং নৌঘাটকেন্দ্রিক, পদ্মা ও যমুনা নদীকেন্দ্রিক পর্যটন এলাকা করার জন্য ইতিমধ্যে আলোচনা হয়েছে।
তিনি আরও বলেন, আমি মন্ত্রী হওয়ার পর মাত্র তিন দিন অফিস করেছি। এর মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও আমাদের মিটিং হয়েছে। আমরা অগ্রাধিকার ভিত্তিতে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল কীভাবে সচল করা যায়, সেটা নিয়ে কাজ করে যাচ্ছি।
