বান্দরবানে সেনা অভিযান

জেএসএস সদস্য নিহত, অস্ত্র ও গুলি উদ্ধার

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫০ এএম

বান্দরবানের রোয়াংছড়িতে সেনাসদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) একদল অস্ত্রধারীর গোলাগুলিতে একজন নিহত হয়েছে। এ সময় একটি এসএমজি বন্দুক ও ১৪৩ রাউন্ড গুলি জব্দ করা হয়। অস্ত্রধারী ব্যক্তি জেএসএস সদস্য বলে দাবি করেছে পুলিশ ও সেনাবাহিনী। গতকাল সোমবার বিকেলে রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের মুরুংগো বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

রোয়াংছড়ি থানার ওসি এম সাকের আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, সেনাবাহিনীর সদস্যরা ওই ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গোলাগুলির ঘটনার বিষয়ে তিনি বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে সেনাবাহিনীর টহল দল ও একদল অস্ত্রধারী মুখোমুখি হলে তাদের মধ্যে গোলাগুলি শুরু হয়। একপর্যায়ে অস্ত্রধারীরা ফাঁকা গুলি করে জঙ্গলে পালিয়ে যায়।

বান্দরবান সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক দিলীপ চৌধুরী বলেন, রাত সাড়ে ৮টার দিকে ওই যুবককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার শরীরে গুলি লেগেছে কি না, নিশ্চিত হওয়া যায়নি। তবে তার ডান হাত ও ডান পা থেঁতলানো ছিল। আনুমানিক ৩০ বছরের ওই যুবককে অজ্ঞাতনামা হিসেবে দেখানো হয়েছে।

সেনাবাহিনীর তরফে বলা হয়েছে, অভিযানে আহত হওয়ার পর ওই ব্যক্তির কাছে একটি এসএমজি বন্দুক ও ১৪৩ রাউন্ড গুলি পাওয়া গেছে।

তারাছা ইউনিয়নের চেয়ারম্যান উনুমং মারমা বলেন, বিকেলে ৮ নম্বর ওয়ার্ডের সাইরুনপাড়ার দিকে স্থানীয়রা গোলাগুলির শব্দ শুনেছেন বলে জানিয়েছেন। যে এলাকায় ঘটনা ঘটছে, সেখানে কোনো মোবাইল ফোনের নেটওয়ার্ক নেই।

রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে সেনা টহল দল ঘটনাস্থল তল্লাশি চালিয়ে ইউনিফর্ম পরিহিত হ্লামংনু মার্মা নামক একজন সশস্ত্র জেএসএস (মূল) সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। তার চিকিৎসার জন্য পুলিশের সহায়তায় জরুরি ভিত্তিতে তাকে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত