যুবদল নেতা সুমন হত্যা 

শেখ হাসিনাসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫১ এএম

জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর শেরেবাংলা নগরে যুবদল নেতা হাফিজুর রহমান সুমন নিহতের ঘটনায় মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। একই সঙ্গে ঘটনায় ‘সংশ্লিষ্টতা না পাওয়ায়’ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুসহ ৬৩ জনকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের ইনভেস্টিগেশন শাখার পরিদর্শক মোহাম্মদ আতিকুর রহমান খাঁন। গত ৩ ফেব্রুয়ারি আদালতে এ অভিযোগপত্র দিলেও গতকাল সোমবার বিষয়টি নিশ্চিত করেন প্রসিকিউশন পুলিশের এসআই রফিকুল ইসলাম।

শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, হারুন অর রশিদ বিশ্বাস, মানাম আহমেদ রাতুল, মো. রায়হান ওরফে রাহেল, আব্দুর রহমান রাসেল, শহিদুল ইসলাম ওরফে রানা ওরফে লম্বু রানা, সোহাগ ওরফে রানা, আসাদুজ্জামান নুর ওরফে আসাদ এবং টাডি রাজুকে অভিযোগপত্রে আসামি করা হয়েছে।

যাদের অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন নজরুল ইসলাম, রায়হান, তারিক হাসান কাজল, কাজী কবির, মোহাম্মদ শফিকুল ইসলাম, মোহাম্মদ মকবুল চেয়ারম্যান, খন্দকার মোহাম্মদ সেলিম, ইফতেখারুল আলম হিরক, রাইসুল ইসলাম শাকিল, সাইফুল ইসলাম ওরফে রুম্মন, ফরিদুর রহমান খান ইরান, ইকরামুল কবির লাভলু, আসাদুজ্জামান দুলাল, জাবেদুর রহমান দুরান, রুম্মান বিন মাসুদ সাব্বির, মিন্টু চৌধুরী, মনোয়ার হোসেন সোহেল ওরফে লাদেন সোহেল, ফেরদৌস আলম শাহীন ওরফে কোট্টা শাহীন, রেজাউল করিম, আবুল হাসনাত দুলাল, নাবিদুর রহমান, কালী মনির ওরফে মনি সিং প্রমুখ।

অভিযোগপত্রে বলা হয়, ২০২৪ সালের ৫ অগাস্ট দুপুর ১টার দিকে শেরেবাংলা নগর মহিলা কলেজসংলগ্ন এলাকায় আন্দোলনে অংশ নেন ২৭ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান সুমন। দুপুর ২টা থেকে আড়াইটার দিকে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হন সুমন। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় ১৬ আগস্ট সন্ধ্যা ৬টার দিকে সুমন মারা যান। এ ঘটনায় একই বছরের ৯ অক্টোবর শেরেবাংলা নগর থানায় শেখ হাসিনাসহ ৬৮ জনের নাম উল্লেখ করে সুমনের স্ত্রী বীথি খাতুন এ মামলাটি করেন। আগামী ৮ মার্চ মামলাটিতে অভিযোগপত্র আমলে নেওয়ার জন্য দিন ধার্য রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত