শ্রীমঙ্গলে মুজিবুর রহমান চৌধুরী এমপির মতবিনিময়

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৭ পিএম

মৌলভীবাজারের পর্যটন নগরী শ্রীমঙ্গলের সমস্যা, সম্ভাবনা ও সামগ্রিক উন্নয়ন নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়  করেছেন মৌলভীবাজার ৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে শহরের সাগরদিঘি সড়কের শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের হলরুমে উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের কার্যকরী সভাপতি শামীম আক্তার হোসেন। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী। সভায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও কবি দীপেন্দ্র ভট্টাচার্য, জ্যেষ্ঠ সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জুসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মুজিবুর রহমান চৌধুরী এমপি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা কোনো ব্যক্তি বা দলের লেজুরভিত্তিক না হয়ে নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করবেন। আমার দলের নেতাকর্মী কিংবা আমার নিজের কোনো ভুলত্রুটি থাকলে সেটিও আপনারা তুলে ধরবেন। সাংবাদিকদের মাধ্যমেই জনগণ বুঝতে পারে একজন জনপ্রতিনিধি সঠিকভাবে কাজ করছেন কি না।

তিনি বলেন, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলায় যেমন নানা সমস্যা রয়েছে, তেমনি বিপুল সম্ভাবনাও আছে। এসব সমস্যার সমাধানের পাশাপাশি সম্ভাবনাকে কাজে লাগিয়ে এলাকার উন্নয়নে তিনি কাজ করবেন। শ্রীমঙ্গল শহরের যানজট সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, এই সমস্যা নিরসনে বাইপাস সড়ক নির্মাণের উদ্যোগও দ্রুত বাস্তবায়ন করা হবে। এছাড়া দীর্ঘ প্রায় ৯০ বছরেও শ্রীমঙ্গল পৌরসভার সীমানা বর্ধিত না হওয়ায় নগর উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা হয়েছে এবং প্রয়োজনীয় ম্যাপ ও কাগজপত্র প্রস্তুত রয়েছে। আগামী পৌরসভা নির্বাচনের আগেই পৌরসভার সীমানা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে। এছাড়া  পর্যটন শিল্পের উন্নয়নের লক্ষ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, পর্যটকদের সুবিধা নিশ্চিত করতে সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন জরুরি এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানিয়ে বলেন, দুর্নীতি ও মাদকের বিষয়ে আমি জিরো টলারেন্স নীতিতে থাকব। এ বিষয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

এমপি আরও বলেন, উপজেলার সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে অবহিত হতে তিনি নিয়মিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন এবং এ ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভায় সাংবাদিকরা বলেন, শ্রীমঙ্গল-কমলগঞ্জ দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা। পর্যটন শিল্পের বিকাশের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব। এজন্য ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে সরাসরি যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বিশেষ ট্রেন চালু এবং কমলগঞ্জের বিমানবন্দর পুনরায় চালুর উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত