ধর্ষণ ও প্রতারণার অভিযোগে পুলিশ কর্মকর্তার করা মামলায় এক ব্যবসায়ীকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছে আদালত।
গতকাল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মামলার তদন্ত কমকর্তা লালবাগ থানার এসআই আব্দুর রাজ্জাক খান সাত দিনের রিমান্ড আবেদন করেন। অপর দিকে আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম উভয় পক্ষের শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করে দিয়ে পাঁচ দিনের রিমান্ড মন্জুর করেন।
‘বিয়ের আশ্বাসে ধর্ষণ’ ও অর্থ আত্মসাতের অভিযোগে গত ৫ ফেব্রুয়ারি লালবাগ থানায় জাহিদুল ইসলাম জাহিদ খান নামের এক ভূমি ব্যবসায়ীকে আসামি করে এ মামলাটি করেন এক নারী সার্জেন্ট।
মামলায় বলা হয়, গত বছরের ৫ নভেম্বর ‘ম্যাট্রিমনি’ অ্যাপের মাধ্যমে তাদের পরিচয়। এরপর দুই পরিবারের মধ্যে বিয়ে নিয়ে আলোচনা হয়। এরপর থেকে তাদের বিভিন্ন সময় দেখা-সাক্ষাৎ হয়।
বাদীর অভিযোগ, আসামি তার লালবাগের বাসায় আসা-যাওয়া করত। বিভিন্ন সময় বিয়ের প্রলোভনে তিনি তাকে ধর্ষণ করেন। এছাড়া ব্যবসার কথা বলে ১৫ লাখ ৬৯ হাজার টাকা নিয়ে তা আত্মসাৎ করে।
