বিচার বিভাগের দুর্নীতি নিয়ে সবাই উদ্বিগ্ন: মাহবুব উদ্দিন খোকন

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) সভাপতি মাহবুব উদ্দিন খোকন বলেন, বিচার বিভাগের দুর্নীতি নিয়ে সবাই উদ্বিগ্ন। মামলার তদবিরে দুর্নীতি, লিস্টে (কার্যতালিকায়) আনতে দুর্নীতি, শুনানিতে দুর্নীতি, কিছু কিছু জুডিশিয়াল অফিসারের দুর্নীতি, সুপ্রিম কোর্টে সব জায়গায়, হাইকোর্টেও লিস্টে আনতে দুর্নীতি-এসব আইনজীবীদের বক্তব্য।

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ পিএম

সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগসহ সারাদেশের আদালতগুলোকে এক মাসের মধ্যে দুর্নীতিমুক্ত দেখতে চান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) সভাপতি মাহবুব উদ্দিন খোকন। অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল আইনজীবীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘বিচার বিভাগের দুর্নীতি নিয়ে সবাই উদ্বিগ্ন। মামলার তদবিরে দুর্নীতি, লিস্টে (কার্যতালিকায়) আনতে দুর্নীতি, শুনানিতে দুর্নীতি, কিছু কিছু জুডিশিয়াল অফিসারের দুর্নীতি, সুপ্রিম কোর্টে সব জায়গায়, হাইকোর্টেও লিস্টে আনতে দুর্নীতি-এসব আইনজীবীদের বক্তব্য। আমি মনে করি, প্রধান বিচারপতির নিকট দাবি করা, এটা আমার দায়িত্ব। আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ এবং সারা দেশে প্রত্যেকটা কোর্টকে আগামী একমাসের মধ্যে দুর্নীতিমুক্ত করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আগামী এক মাসের মধ্যে সুপ্রিম কোর্ট এলাকা থেকে বস্তি উচ্ছেদ করতে হবে এবং আইনজীবীদের বসার জন্য, কর্মপরিবেশ সৃষ্টির জন্য আপাতত টেম্পোরারি শেড হলেও করে দিতে হবে।’ এছাড়া মামলার দীর্ঘসূত্রতা কমাতে সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটির (১৬ সেপ্টেম্বর থেকে ২৪ অক্টোবর) পর আপিল বিভাগে কমপক্ষে তিনটি বেঞ্চ গঠন এবং প্রয়োজনে নতুন বিচারপতি নিয়োগের উদ্যোগের দাবি জানান তিনি।

নিকাহ্ রেজিস্টার সংক্রান্ত একটি মামলায় গত মঙ্গলবার সকালে এক আইনজীবীকে পাঁচ লাখ টাকা খরচা (কস্ট) আরোপ এবং এ সংক্রান্তে দুপুর সাড়ে ১২টার দিকে মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথোপকথনের জেরে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর এজলাস ত্যাগ করেন। ওই দিন প্রধান বিচারপতির উদ্দেশে খোকন বলেন, ‘আপনি দায়িত্ব নেওয়ার পর আইনজীবীদের মামলা, আয় রোজগার কমে গেছে।’ ওই সময় প্রধান বিচারপতি বলেন, তার (মাহবুব উদ্দিন খোকন) এই বক্তব্য আদালত অবমাননার শামিল। পরে এ নিয়ে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা রুহুল কুদ্দুস কাজল তার কার্যালয়ে কথা বলেন।

অ্যাটর্নি জেনারেলের উদ্দেশে মাহবুব উদ্দিন খোকন গতকাল ব্রিফিংয়ে বলেন, ‘প্রধান বিচারপতির কাছে আইনজীবীদের কথা তুলে ধরা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের দায়িত্ব। এসব বিষয়ে অ্যাটর্নি জেনারেলের কোনো কাজ নেই।’ তিনি আরও বলেন, ‘হু ইজ হি হিয়ার? সে কে? উনি কে? তার (অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল) বক্তব্যই ইরেলেভেন্ট। হি ইজ নো বডি ইন আওয়ার (প্রধান বিচারপতির সঙ্গে তার কথোপকথন) ডিসকাশন। উনি সাফাই গাইতে গেছেন। আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম, উনি সুপ্রিম কোর্ট বারের সেক্রেটারি ছিলেন না?’ উনি কীভাবে আইনজীবীদের বিরুদ্ধে অবস্থান নেন! আই এম শকড অ্যান্ড সারপ্রাইজড।’

সর্বশেষ সর্বাধিক পঠিত