কৃষিমন্ত্রীর সঙ্গে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৭ পিএম

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য প্রফেসর ড. মুহা রাশেদুল ইসলাম। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি ২৬)  মন্ত্রীর নিজ বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে উপাচার্য বর্তমান সরকারের কৃষিবান্ধব বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন। বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত “কৃষক কার্ড” কর্মসূচির সুফল তুলে ধরে তিনি বলেন, এর মাধ্যমে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকরা সহজেই সরকারি ভর্তুকি, প্রণোদনা ও আর্থিক সহায়তা পাবেন। এতে কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকের জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন উভয়েই।

আলোচনায় উত্তরবঙ্গের বিস্তীর্ণ চরাঞ্চলের কৃষি উন্নয়ন বিশেষ গুরুত্ব পায়। নদীভাঙন, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এলাকায় টেকসই অর্গানিক কৃষি ব্যবস্থা গড়ে তুলতে গবেষণাভিত্তিক উদ্যোগ গ্রহণের ওপর জোর দেন মন্ত্রী। তিনি লবণাক্ততা ও জলাবদ্ধতা সহনশীল ফসলের জাত উদ্ভাবন, আধুনিক চাষাবাদ পদ্ধতির সম্প্রসারণ, কৃষি যান্ত্রিকীকরণ এবং কৃষক প্রশিক্ষণ কার্যক্রম জোরদারে বিশ্ববিদ্যালয়কে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।

এ সময় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি ‘চর ইনস্টিটিউট’ স্থাপনের পরিকল্পনার কথা তুলে ধরেন। এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে মন্ত্রী দিকনির্দেশনা দেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের চলমান গবেষণা, কৃষি সম্প্রসারণ কার্যক্রম ও স্থানীয় কৃষকদের সঙ্গে সমন্বিত কর্মপরিকল্পনা সম্পর্কেও আলোচনা হয়।

উল্লেখ্য, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়-এর অধ্যাপক ও বিশিষ্ট কীটতত্ত্ববিদ প্রফেসর ড. মুহঃ রাশেদুল ইসলাম ২ ডিসেম্বর ২০২৪ তারিখে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করেন। দায়িত্ব গ্রহণের পর তার নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ে প্রথম শিক্ষা কার্যক্রমের উদ্বোধন হয় এবং বর্তমানে তিনটি ব্যাচের একাডেমিক কার্যক্রম চালু রয়েছে।

বর্তমানে দুটি ভাড়াকৃত ভবনে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। সেখানে সুসজ্জিত কম্পিউটার ল্যাব, লাইব্রেরি ও ব্যবহারিক ল্যাব সুবিধা রয়েছে। শিক্ষার্থীদের জন্য একটি অস্থায়ী ছাত্র হল ও একটি অস্থায়ী ছাত্রী হল চালু আছে; নামাজ, খেলাধুলা, বিনোদন ও নিরাপত্তার ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে।

গত ১৬ জানুয়ারি ২০২৫ তারিখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়-এ অনুষ্ঠিত কেন্দ্রীয় কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির সভায় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কেন্দ্র স্থাপনের প্রস্তাব অনুমোদিত হয়। এটি উত্তরবঙ্গের কৃষি শিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

এ ছাড়া দেশ-বিদেশের বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষর সম্পন্ন হয়েছে, আরও কয়েকটি প্রক্রিয়াধীন রয়েছে। সম্প্রতি সাউথ ইস্ট ব্যাংক পিএলসি তাদের বিশেষ কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (SCSR) কর্মসূচির আওতায় “স্পেশাল CSR ফান্ড” থেকে চরাঞ্চলে কৃষি গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয়কে আর্থিক সহায়তা প্রদান করেছে।

বর্তমানে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের লক্ষ্যে ফিজিবিলিটি স্টাডির কাজ চলমান রয়েছে এবং ডিপিপি অনুমোদনের প্রক্রিয়াও এগিয়ে চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত