মেক্সিকোয় নিরাপত্তা বাহিনীর ২৫ সদস্য নিহত

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২২ এএম

মেক্সিকোর শীর্ষ মাদক সন্ত্রাসী এল মেনচো সামরিক অভিযানে নিহত হওয়ার পর দেশটিতে সহিংসতা ছড়িয়ে পড়েছে। মেক্সিকোর জালিসকো প্রদেশে সহিংসতায় দেশটির ন্যাশনাল গার্ডের অন্তত ২৫ সদস্য নিহত হয়েছেন। দেশ জুড়ে ছড়িয়ে পড়া সহিংসতা মোকাবিলায় হাজার হাজার সেনা মোতায়েন করার কথা জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ওমার গার্সিয়া হারফুচ। প্রতিরক্ষামন্ত্রী রিকার্দো ত্রেভিলা বলেছেন, সোমবার পশ্চিম মেক্সিকোতে অতিরিক্ত আড়াই হাজার সেনা পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, এল মেনচোর সঙ্গে দেখা করতে আসা প্রেমিকার অবস্থান শনাক্ত করে এ মাদক সম্রাটকে ধরা হয়। তাকে গ্রেপ্তারের সময় তার দেহরক্ষীদের সঙ্গে সামরিক কমান্ডোদের গোলাগুলি হয়। এতে তিনি গুরুতর আহত হন এবং তাপালপা শহর থেকে রাজধানী মেক্সিকো সিটিতে নেওয়ার পথে মারা যান।

এল মেনচো জালিসকো নিউ জেনারেশন (সিজেএনজি) মাদক চক্রের নেতা; তার আসল নাম নেমেসিও ওসেগুয়েরা সারভান্তেস। এটিকে মেক্সিকোর সবচেয়ে ভয়ংকর মাদকচক্র বলা হয়। তার মৃত্যুর পর দেশটির অন্তত ২০টি প্রদেশে বিক্ষোভ শুরু হয়। এমন পরিস্থিতিতে নিরাপত্তা জোরদার করার জন্য পশ্চিমাঞ্চলে আড়াই হাজার সেনা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী। সরকার বলছে, গত রবিবার থেকে দেশের বিভিন্ন এলাকায় সাড়ে ৯ হাজার সেনা মোতায়েন করা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী ওমার গার্সিয়া জানিয়েছেন, শীর্ষ মাদক সন্ত্রাসীর মৃত্যুর পর সহিংসতায় একজন কারারক্ষী, প্রদেশের প্রসিকিউটরের কার্যালয়ের একজন সদস্য এবং এল মেনচোর মাদক চক্রের ৩০ সদস্য নিহত হয়েছেন। এল মেনচোর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর, তার চক্রের সদস্যরা বিভিন্ন শহরে হামলা চালান। কোনো কোনো শহরে তারা কাঁটা ও পেরেক বিছিয়ে রাস্তা অবরোধ করেন। আবার কোনো শহরে রাস্তায় যানবাহনে আগুন দেওয়া হয়। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম এল মেনচোর মৃত্যু ঘটানোয় সেনা অভিযানের প্রশংসা করেছেন। বলেছেন, দেশে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করাই তার অগ্রাধিকার। তিনি বলেন, দেশে শান্তি আছে, সরকার আছে, সশস্ত্র বাহিনী আছে এবং যথেষ্ট সমন্বয় রয়েছে। এদিকে, সহিংসতায় মেক্সিকোয় আটকা পড়েছেন হাজারো পর্যটক। গুয়াদালাহারা বিমানবন্দরে আতঙ্কিত অবস্থায় দেখা গেছে অসংখ্য ভ্রমণকারীকে।

সর্বশেষ সর্বাধিক পঠিত