কলম্বোতেই ফিরে আসতে চায় শ্রীলঙ্কা

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪২ এএম

টি-টোয়েন্টি বিশ্বকাপের দুটো সেমিফাইনালের একটা হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। তবে সেখানে স্বাগতিক শ্রীলঙ্কা মাঠে থাকবে নাকি দর্শকের আসনে, তার ফয়সালা হয়ে যাবে বুধবারেই। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটা জিতলে সেমিফাইনালের দৌড়ে টিকে থাকবে শ্রীলঙ্কা, হেরে গেলে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হবে দাসুন শানাকার দলকে। তখন হয়তো দর্শক হয়েই দেখতে হবে সেমিফাইনাল ম্যাচটা।

আইসিসির ঘোষিত সূচিতে স্পষ্ট করা হয়েছে, শ্রীলঙ্কা যদি সেমিফাইনালে ওঠে এবং তাদের প্রতিপক্ষ যদি ভারত না হয়; তাহলে সেমিফাইনালটা তারা নিজেদের দেশেই খেলবে। তবে সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে ৫১ রানে হেরে যাওয়াতে লঙ্কানদের উত্তরণের স্বপ্ন কিছুটা ফিকে হয়ে এসেছে। অস্ট্রেলিয়াকে হারিয়ে দেওয়ার পর হঠাৎ করেই যেন শনির দশা ভর করেছে লঙ্কানদের ওপর। প্রথমে গ্রুপ পর্বে জিম্বাবুয়ের কাছে হারের পর সুপার এইটে ইংল্যান্ডের বিপক্ষে ৯৫ রানে অলআউট হওয়াটা শুধু তাদের আত্মবিশ্বাসেই চিড় ধরায়নি, রান-রেটেও দিয়েছে বড় ধাক্কা। গ্রুপ ২ এ -২.৫৫০ রান রেট নিয়ে ৪ দলের ভেতর শ্রীলঙ্কা সবার নিচে। আজকের প্রতিপক্ষ নিউজিল্যান্ডের অবশ্য খেলারই সুযোগ হয়নি সুপার এইটে, পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা ভেসে গেছে বৃষ্টিতে। ব্ল্যাকক্যাপদের হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন অধিনায়ক মিচেল স্যান্টনার। জানিয়েছেন সেই ১৭ ফেব্রুয়ারির পর থেকে অলস বসে থাকতে আর ভালো লাগছে না তার, ‘হ্যাঁ, আমার মনে হয় চেন্নাই থেকে শ্রীলঙ্কায় পৌঁছানোর পর আমাদের হাতে সময় খুব কম ছিল। তাই গত কয়েকটা দিন সবার অবস্থা কেমন সেটা বোঝার বা পুনরায় গুছিয়ে নেওয়ার জন্য বেশ ভালোই কেটেছে। তবে হ্যাঁ, মনে হচ্ছে যেন বেশ কয়েকদিন আমরা খেলিনি। তাই আগামীকালের ম্যাচটা দারুণ হবে। আর ওইদিন রাতের ম্যাচটা বৃষ্টিতে পণ্ড হয়ে যাওয়াটা সত্যিই খুব দুঃখজনক ছিল।’

সেমিফাইনালের রাস্তাটা কঠিন নিউজিল্যান্ডেরও। উইকেটের বদলটা তাই স্যান্টনারের কাছে একটু ভাবনার, বিশেষ করে প্রতিপক্ষ যখন স্বাগতিকরা, ‘হ্যাঁ, উইকেটটা কিছুটা শুষ্ক মনে হচ্ছে। তবে আমার মনে হয় এটি একটি নতুন উইকেট। সাধারণত এখানকার উইকেট কিছুটা ধীরগতির হয়ে থাকে। আর আমরা এখানে প্রথম পর্বের বেশ কয়েকটি ম্যাচ দেখার সুযোগ পেয়েছি। তাই এই ধরনের উইকেটে কীভাবে খেলতে হবে বা পরিকল্পনা করতে হবে, সে সম্পর্কে আমাদের একটা ধারণা হয়েছে। আমরা জানি শ্রীলঙ্কা ঘরের মাঠে অত্যন্ত শক্তিশালী দল এবং এই উইকেটে কী করতে হবে তা তারা খুব ভালো করেই জানে। তাই আমাদের কাজ হলো সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়া এবং আগামীকাল মাঠে নেমে একটি দল হিসেবে নিজেদের দক্ষতার সেরাটা প্রয়োগ করার চেষ্টা করা।’

অন্যদিকে শ্রীলঙ্কার চাই পাথুম নিশাঙ্কার ব্যাটে একটা চমৎকার ইনিংস, যেমনটা খেলেছিলেন তাসমান সাগর পাড়ের আরেক দেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে। সবশেষ দুটো ম্যাচেই ব্যাটিং ভুগিয়েছে শ্রীলঙ্কাকে। শ্রীলঙ্কার প্রতিনিধি হয়ে আসা দুনিথ ওয়েলেলাগের কণ্ঠে সেই সুর, টপ অর্ডার থেকে রান আসলে বাকিটা সামলে নেবেন বোলাররা।

৪ মার্চ এই কলম্বো স্টেডিয়ামেই হবে সেমিফাইনাল, সেখানে থাকতে হলে আজ জিততেই হবে শ্রীলঙ্কাকে। এরপর বাকি সমীকরণ। অন্যদিকে নিউজিল্যান্ড, বৈশ্বিক আসরে সেমিফাইনালে তারা নিয়মিত। আজ হেরে গেলে তাদের সেই স্বপ্নও প্রায় শেষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত