থাইল্যান্ড সফরটা ভালো যায়নি বাংলাদেশের। গত বছরের অক্টোবরে দুটি প্রীতি ম্যাচ খেলতে থাইল্যান্ড যায় বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথম ম্যাচে হারের পর বেশ কয়েকজন সিনিয়র খেলোয়াড়ের অ্যাপ্রোচে অসন্তুষ্ট ছিলেন প্রধান কোচ পিটার বাটলার। আরেকটি সফরে সিডনিতে এবার মেয়েদের প্রশংসা ঝরেছে ব্রিটিশ কোচের কণ্ঠে।
সিডনির ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে মঙ্গলবার চতুর্থ দিনের অনুশীলন সেরেছে বাংলাদেশ। বুধবার অস্ট্রেলিয়ার ‘এ’ লিগের দল ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে দল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় বাটলার বলেছেন, ‘মেয়েরা সত্যিই খুব ভালো কাজ করেছে। মানে, তাদের প্রচেষ্টায় আমি কোনো খুঁত খুঁজে পাচ্ছি না। তারা একদল সৎ মেয়ে এবং তারা যে পরিমাণ পরিশ্রম করেছে, তা দুর্দান্ত। প্রশিক্ষণের জন্য এটি একটি চমৎকার পরিবেশ, আপনারা দেখতেই পাচ্ছেন যে মাঠগুলো অসাধরণ।’
‘আমাকে বলতেই হবে অনুশীলনে মেয়েদের মনোভাব চমৎকার ছিল। তবে আমি সত্যিই বিশ্বাস করি যে, এটি তাদের জন্য কাজ শুরু করার একটি দুর্দান্ত সুযোগ। আগামীকালের ম্যাচটিকে একটি অনুশীলন ম্যাচ হিসেবে ব্যবহার করুক, আমি এটাই চাচ্ছি। একটি সুন্দর পরিবেশে এটি একটি অনুশীলন ম্যাচ এবং আরও গুরুত্বপূর্ণ হলো এটি তরুণ ও অভিজ্ঞ সব খেলোয়াড়দের জন্যই নিজের পজিশনের জন্য একটি বড় প্রতিযোগিতা।’
অভিজ্ঞ ও নতুন মিলিয়ে ২৬ জন খেলোয়াড় নিয়ে অস্ট্রেলিয়ায় গেছেন বাটলার। মেয়েদের আক্রমণাত্মক ফুটবলের দীক্ষাই দিয়েছেন তিনি। সেরা একাদশ এখনো চূড়ান্ত করেননি কোচ। প্রীতি ম্যাচ সবাইকে পরখ করে নেওয়ার পর সবকিছু চূড়ান্ত করতে চান এই ইংলিশ কোচ।
‘আমি জানি না, রাতে আমি বসে দলের বিষয়টি নিয়ে ভাবব। আমি মাত্র কয়েকটি বিকল্প নিয়ে কাজ করেছি। আমরা ৩-৪-৩ নাকি ৩-৫-২ নাকি ৪-৪-২ ফরমেশনে খেলব, সেটা মাথায় রেখে এগোতে হবে। সবটাই পরিস্থিতির ওপর নির্ভর করছে। আমি জানি আমি কী করতে চাই, কিন্তু আমি স্রেফ দুটি ৪৫ মিনিটের অর্ধে এটি দেখতে চাই।’
‘মেয়েদের মাথায় এটা ঢোকাতে হবে যে, আমরা পিছিয়ে আছি ঠিকই, কিন্তু আরও গুরুত্বপূর্ণ হলো আগামীকাল দুই ৪৫ মিনিটের অর্ধে মেয়েদের পরখ করে দেখার সুযোগ পাব। আমি কাজের চাপ ভাগ করে দেব, গেমের লোডও ভাগ করে দেব। খেলোয়াড়দের পজিশন ও প্রাপ্যতার ভিত্তিতে সুযোগগুলো দেখব। তাই আমাদের অন্য বিকল্পগুলোও খতিয়ে দেখতে হবে এবং পজিশনগুলো নিয়েও কাজ করতে হবে।’