ফের রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সরওয়ার আলম

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৩ এএম

এক বছরের বেশি সময় পর আবার প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি। এ দায়িত্বে ফিরিয়ে আনা হয়েছে তথ্য ক্যাডারের সাবেক কর্মকর্তা মো. সরওয়ার আলমকে; যাকে অন্তর্বর্তী সরকার এ দায়িত্ব দেওয়ার কিছুদিন পর বাদও দিয়েছিল। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে এক বছর মেয়াদে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের প্রেস সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগের আদেশ দিয়েছে।

বিসিএস ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা সরওয়ার আলম সচিব হিসেবে তিন বছর আগে অবসরে গিয়েছিলেন। পরে অন্তর্বর্তী সরকার রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে তাকে ২০২৪ সালের ২৩ ডিসেম্বর দুই বছরের জন্য সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল। পরে আবার সেই নিয়োগ বাতিল করা হয়।

সরওয়ার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপ-প্রেস সচিব ছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জনসংযোগ কর্মকর্তা ও কলকাতা উপ-হাইকমিশনের প্রথম সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। ‘বঞ্চিত’ এ কর্মকর্তা ২০২২ সালের ফেব্রুয়ারিতে অবসরোত্তর ছুটিতে যান এবং অবসরে যান ২০২৩ সালে। ফেনীতে জন্মগ্রহণকারী এ কর্মকর্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ থেকে স্নাতকোত্তর করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত