উৎসবের রঙে মুখর ইউসিএল ঈদবাজার

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৬ এএম

উৎসবের রঙে মুখর হয়ে উঠেছে উত্তরা ক্লাব লিমিটেডের (ইউসিএল) ঈদবাজার-২০২৬। গত সোমবার শুরু হওয়া তিন দিনব্যাপী এ মেলা গতকাল মঙ্গলবার রাতে ক্লাবের ফ্যামিলি লাউঞ্জে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মেলা চলবে আজ বুধবার পর্যন্ত। এ আয়োজন ক্লাবের সদস্য ও তাদের পরিবারের জন্য সংস্কৃতি, আনন্দ ও ঐক্যের প্রাণবন্ত মিলনমেলা হিসেবে পরিণত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে গতকাল ঈদবাজারের সূচনা করেন ক্লাবের সভাপতি মোহাম্মাদ ফয়সল তাহের, পরিচালক প্রশাসন ক্যাপ্টেন ফারিয়েল বিলকিস আহমেদ ও পরিচালক ফাইন্যান্স সালমান মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের পরিচালক মোশাররফ হোসেন, আতাউল কবির খান, হাসান ইবনে গিয়াস সাদি, মোসলেমা আলম, রায়হান করিম রহীম, ইমরান এম. চৌধুরী, আমিনুর রহমান ও মো. নান্নু মিয়া।

অনুষ্ঠানে সভাপতি মোহাম্মদ ফয়সল তাহের বলেন, ঈদবাজার শুধু কেনাবেচার ক্ষেত্র নয়, এটি ক্লাবের সদস্য ও পরিবারকে একত্রিত করার এবং সাংস্কৃতিক চেতনার পরিচয় প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এতে ঐতিহ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হচ্ছে।

২৮টি স্টল নিয়ে আয়োজিত ঈদবাজারে রয়েছে ঐতিহ্যবাহী পোশাক, হস্তশিল্প, গৃহসজ্জার সামগ্রী এবং নানা খাবার। উদ্যোক্তাদের জন্যও এটি একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও সাংস্কৃতিক মঞ্চ হয়ে উঠেছে, যেখানে সদস্যরা তাদের পণ্য প্রদর্শন এবং বিক্রির সুযোগ পাচ্ছেন।

পরিচালক ক্যাপ্টেন ফারিয়েল বিলকিস আহমেদ বলেন, ইউসিএল ঈদবাজার স্থানীয় উদ্যোক্তা ও শিল্পীদের জন্য এক অনন্য সুযোগ। আমরা চাই সদস্য ও দর্শনার্থীরা এ উৎসবে আনন্দ উপভোগ এবং স্থানীয় প্রতিভাকে সমর্থন করুক।

পরিচালনা পর্ষদের সদস্য রায়হান করিম রহীম বলেন, এ ধরনের আয়োজন উত্তরা ক্লাবের সাংস্কৃতিক পরিবেশকে প্রাণবন্ত করে তুলছে। এখানে আমরা শুধু কেনাবেচাই করি না, একে অন্যের সঙ্গে বন্ধুত্ব ও অনুভূতি ভাগাভাগি করছি। তিন দিনের এই ঈদবাজার সদস্য ও দর্শনার্থীদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত