নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ডিবি পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ নগদ টাকা, ভারতীয় গরু, মাদকদ্রব্য ও মোটরসাইকেল জব্দ করা হয়। এসময় অন্তত ১৫ জনকে আটক করা হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে ১৫ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।
একই সঙ্গে অভিযানের সময় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। পুরো ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি দিয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা জেলা ডিবি পুলিশ সীমান্তবর্তী রংছাতি ইউনিয়নের তেরোতোপা গ্রামে অভিযান পরিচালনা করে।
ডিবি সূত্র জানায়, মো. সারফুল ইসলামের (পিতা: রুস্তম আলী) বাড়িতে তল্লাশি চালিয়ে একটি টাকা গণনার মেশিন সহ আনুমানিক ২ লাখ ৮০ হাজার ভারতীয় রুপি উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভারতীয় গরু চোরাচালান ও অবৈধ আর্থিক লেনদেনের প্রস্তুতির চলছিলো।
অভিযানের সময় উপস্থিত দুই সাংবাদিক জালাল উদ্দিন ও শ্যামল বিশ্বাস ভিডিও ধারণ করতে গেলে বাড়িতে অবস্থানরত কিছু লোকজন উত্তেজিত হয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে। একপর্যায়ে ডিবি পুলিশ ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে সাংবাদিক শ্যামল বিশ্বাস আহত হন।
পরিস্থিতি আরও উত্তপ্ত হলে উত্তেজিত জনতা ডিবি টিমকে অবরুদ্ধ করে। পরে কলমাকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ডিবি সদস্যদের উদ্ধার করে।
এবিষয়ে কলমাকান্দা থানার ওসি তদন্ত সজল সরকার জানান, গতকালের অভিযানের ধারাবাহিকতায় পৃথক পৃথক অভিযান চালিয়ে মোট ১৫ জনকে আটক করা হয়েছে। এ সময় জব্দ করা হয়- নগদ ৪৬ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা, ভারতীয় ৫টি গরু, ১টি মোটরসাইকেল, ২০ পিস নেশাজাতীয় ট্যাবলেট, ৫ বোতল মদ।
পুলিশ আরো জানায়, মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং এ ঘটনায় ডিবি ও সাংবাদিক পক্ষ থেকে পৃথক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এই অভিযানের পর সীমান্তবর্তী, লেংঙ্গুরা, চেংনি, খারনৈ, মানু এমপির বাগান, বৌ বাজার, বলমাঠ, পুলিশের বাগান বাড়ী, কচুগড়া, বরুয়াকোনা পাতলাবন, সন্যাসীপাড়া, জাকিরপাড়া, পাঁচগাঁও–,রামনাথপুর, মহিষখলা এলাকায় দীর্ঘদিন ধরে চলমান অবৈধ সীমান্ত বাণিজ্য নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে । স্থানীয়দের দাবি, সীমান্তভিত্তিক অবৈধ লেনদেনের সঙ্গে একটি সংগঠিত চক্র জড়িত ছিল।
