পানিসম্পদ মন্ত্রী

দখল পুনরুদ্ধারের মাধ্যমে খালের ঐতিহ্য ফেরানো হবে

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১১ পিএম

পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, অবৈধ দখলদারদের হাত থেকে খালের দখল উদ্ধার করে খালের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা হবে। খাল পুনরুদ্ধারের পাশাপাশি খালের পাড় সুরক্ষার জন্য প্রয়োজনীয় বৃক্ষরোপণ ও সৌন্দর্যবর্ধন করা হবে। খাল খনন, উন্নয়ন ও সংরক্ষণে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হবে পাশাপাশি স্থানীয় সরকার মন্ত্রণালয়কে কাজে লাগিয়ে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার উদ্যেোগ নিতে হবে। দেশব্যাপী খালের দখল-দূষণ প্রতিরোধে উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

আজ বুধবার কেরাণীগঞ্জের শুভাঢ্যা খাল ও আঁঠি খাল পুনঃখনন এবং খালের উভয় পাড় সুরক্ষা কাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এ্যানি চৌধুরী বলেন, এই মুহূর্তে চলমান প্রকল্পের মাধ্যমে খাল খনন-পুনরুদ্ধার করা হচ্ছে। অগ্রাধিকার ভিত্তিতে দেশব্যাপী খাল খননে প্রকল্প নেওয়া হবে। কেরাণীগঞ্জের শুভাঢ্যা খাল ও আঁটি খালের কাজ শিগগিরই সমাপ্ত হবে, এটিকে টেকসই ও নদীর সঙ্গে সংযোগ এবং পানির প্রবাহ ঠিক রাখার জন্য দ্বিতীয় পর্যায়ে আর একটি প্রকল্প নেওয়া হবে বলে তিনি জানান।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২০ হাজার কি. মি. খাল-পুকুর-জলাশয় খনন-পুনঃখনন কর্মসূচি দিয়েছেন। খাল খনন টেকসই করা, মানুষের জীবন-জীবিকা নির্ভর, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বর্জ্য ব্যবস্থাপনার সঠিক ও আধুনিক কর্মকৌশল প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে ২০ হাজার কি.মি. খাল খনন এবং ৫ কৌটি বৃক্ষরোপণে কর্মসূচি হাতে নিয়েছে। খাল খনন-পুনঃখনন করা হলে চাষাবাদে সেচের ব্যবস্থা হবে, নদীর নাব্যতা ফিরিয়ে পাবে এবং জলবদ্ধতা দূরীরকরণ হবে বলে তিনি জানান।

পানিসম্পদ মন্ত্রী শুভাঢ্য খালের খেজুরবাগ, জোড়াব্রিজ, চুনকুটিয়া এবং আঁটি খালের জয়নগর এলাকা পরিদর্শন করেন। এ সময় ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্ল্যাহ আমান, কেরাণীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. ওমর ফারুক, বিশিষ্ট রাজনীতিবিদ নিপুণ রায় চৌধুরীসহ অনেকে উপস্থিত ছিলেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত