অভাবের তাড়নায় গৃহবধূর আত্মহত্যা

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৫ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জে রেবা বেগম (৩৫) নামে এক গৃহবধূ অভাবের তাড়না সহ্য করতে না পেরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সুন্দইল পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রেবা বেগম স্থানীয় আজাদুল ইসলামের স্ত্রী এবং একই গ্রামের ইব্রাহিমের মেয়ে।

স্থানীয়রা জানান, বাড়ির তিনশতক জায়গা ছাড়া আজাদুলের আর কিছু নেই। নিত্যদিন সংসারে অভাব অনটন লেগেই থাকত। এরই এক পর্যায়ে রেবা বেগম অভাবের জ্বালা সইতে না পেরে বসতবাড়ির পূর্ব দুয়ারি টিনসেড ছাপড়া ঘরে পারের সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন।

তালুককানুপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান স্থানীয় বিএনপি নেতা ফিরোজ কবির এ তথ্য নিশ্চিত করেন। এ মৃত্যু নিয়ে কারো কোনও অভিযোগ না থাকায় রেবার মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের দাবি করেন তিনি।

এদিকে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) পবিত্র কুমার জানান, এখন মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হচ্ছে। তদন্ত শেষে সিদ্ধান্ত নেওয়া হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত