ভোলায় ‘চুরি’ হওয়া সেই শিশুর বিষয়ে যা জানা গেলো

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০১ পিএম

ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের মালের হাট এলাকায় টিকাকেন্দ্রে যাওয়ার পথে ‘চুরি’ হওয়া ৩ মাস বয়সী শিশু জিদনির বিষয়ে নতুন তথ্য দিয়েছে পুলিশ। বুধবার বিকেলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়, শিশুটিকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে পুলিশ বলছে, ঘটনাটি পরিকল্পিত অপহরণ নয়; স্বজনের কাছেই শিশুটিকে দেওয়া হয়েছিল। শিশুর চাচা জসিম চাকলাদার বিকেলে বলেন,আমাদের এক আত্মীয় শিশুটিকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে গেছে বলে জানতে পেরেছি। লঞ্চটি এখন ঢাকার পথে। থানা পুলিশ জানিয়েছে, ঢাকা থেকে শিশুটিকে উদ্ধার করে আবার ভোলায় নিয়ে আসা হবে। আমার ভাই ও ভাবি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।

এ বিষয়ে ভোলা সদর থানার ওসি (তদন্ত) জিয়াউদ্দিন বলেন, শিশুর মা সুমাইয়ার খালাতো বোন ঢাকায় থাকেন এবং তার কোনো সন্তান নেই। ফলে সুমাইয়া তার খালা আমেনার কাছে শিশুটিকে দিয়ে দেন। পরবর্তীতে তিনি অনুতপ্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন।

পুলিশ সূত্রে জানা যায়, খালা আমেনা শিশুটিকে নিয়ে ইলিশা-ঢাকা গামী ‘দোয়েল পাখি-১০’ লঞ্চে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। তথ্য-উপাত্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ইতোমধ্যে ভোলা পুলিশের একটি দল ঢাকায় অবস্থান করছে। ওসি (তদন্ত) জিয়াউদ্দিন আরও জানান, লঞ্চটি ঢাকায় পৌঁছার পর শিশুটিকে উদ্ধার করে আবারো ভোলায় আনা হবে। রাতে লঞ্চে যাত্রা করায় ভোর হওয়ার সম্ভাবনা রয়েছে। শিশুটিকে হাতে পাওয়ার পর আগামীকাল বিস্তারিত ব্রিফিং করা হবে। তিনি আরও জানান, শিশুর বাবা আব্দুর রব ও মা সুমাইয়াকে থানায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তারা থানা হেফাজতে রয়েছেন।

উল্লেখ্য, বুধবার সকালে মালের হাট ব্রিজের ওপর দুইজন অজ্ঞাতনামা মহিলা ২০০ টাকার নোট দেওয়ার পর মা অজ্ঞান হয়ে পড়েন এবং শিশু চুরির অভিযোগ ওঠে। তবে সর্বশেষ তথ্যে জানা গেছে ঘটনাটি নতুন মোড় নিয়েছে। এ বিষয়ে পরবর্তী খবর জানার অপেক্ষায় স্থানীয়রা।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত