স্বাস্থ্যমন্ত্রীর কাছে হাসপাতালে গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট নিয়োগসহ বিপিএফের ৬ দাবি

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৬ পিএম

বাংলাদেশ ফার্মাসিস্টস্ ফোরামের (বিপিএফ) নেতৃবৃন্দ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনিযুক্ত স্বাস্থ্য মন্ত্রী ও স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে দেশের স্বাস্থ্যব্যবস্থার মানোন্নয়নে ৬ দফা দাবি উত্থাপন করেন।

মূল দাবির মধ্যে ছিল প্রতিটি সরকারি ও বেসরকারি হাসপাতালে গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট নিয়োগ বাধ্যতামূলক করা, যাতে ওষুধের ভূল ব্যবহার রোধ, এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স প্রতিরোধ এবং রোগীর নিরাপদ ও সাশ্রয়ী চিকিৎসা নিশ্চিত করা যায়।

পাশাপাশি ওষুধ প্রশাসনের প্রতিটি জেলায় গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট নিয়োগ দিয়ে ওষুধের দোকানসমূহে নিয়মিত ও কার্যকর মনিটরিং নিশ্চিত করার দাবি জানানো হয়, যাতে অনিয়ন্ত্রিত ওষুধ বিক্রয় ও অপব্যবহার বন্ধ করা সম্ভব হয়।

নেতৃবৃন্দ উন্নত বিশ্বের মানদণ্ড অনুসারে হাসপাতাল ফার্মেসি সেবা শক্তিশালীকরণ, রেশনাল ড্রাগ ইউজ বাস্তবায়ন এবং জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর নীতিমালা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ ফার্মাসিস্টস্ ফোরাম এর সভাপতি জনাব আজিবুর রহমানের নেতৃত্বে, সাধারণ সম্পাদক মোহাম্মদ মেহেদী হাসান তানভীর, সিনিয়র সহসভাপতি এস এম আনোয়ার মাজিদ তারেক, সাংগঠনিক সম্পাদক আরমান হোসাইন শুভ, প্রচার সম্পাদক মমিনুল ইসলাম, ছাত্রবিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান, এবং এক্সিকিউটিভ কমিটির সদস্য আরিফুর রহমান উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত