মিডল্যান্ড ব্যাংকের নতুন এমডি ইমতিয়াজ আহমেদ

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৬ এএম

মিডল্যান্ড ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে ইমতিয়াজ ইউ. আহমেদকে নিয়োগ দেওয়া হয়েছে। আর্থিক সেবা খাতে সুদীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন একজন দক্ষ পেশাজীবী হিসেবে তিনি সম্প্রতি মিডল্যান্ড ব্যাংকে যোগ দেন। ইমতিয়াজ শাখা পর্যায় থেকে শুরু করে করপোরেট, প্রধান কার্যালয়ের বিভিন্ন নেতৃত্বমূলক দায়িত্ব পালন করেছেন।

জানা গেছে, ব্যাংকিং পেশায় ইমতিয়াজের বিস্তৃত দক্ষতার ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে করপোরেট ও প্রাতিষ্ঠানিক ব্যাংকিং, রপ্তানি অর্থায়ন, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ এবং কমপ্লায়েন্স, মানবসম্পদ ব্যবস্থাপনা, স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট এবং ট্রেজারি ব্যবস্থাপনা।

ব্যাংক খাতে ইমতিয়াজের কর্মজীবনের অভিজ্ঞতা ২৫ বছরেরও বেশি, যার মধ্যে শাহজালাল ইসলামী ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ব্যাংকিং পেশায় প্রবেশের আগে তিনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ক্যাপিটাল মার্কেটস এবং কেপিএমজি রহমান রহমান হকে অডিটর হিসেবে পেশাগতভাবে শক্ত ভিত্তি গড়ে তোলেন।

ফাইন্যান্স ও অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী এই কর্মকর্তা দেশ ও বিদেশে অনুষ্ঠিত অসংখ্য পেশাগত প্রশিক্ষণ, সেমিনার ও সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেছেন। তার কৌশলগত দৃষ্টিভঙ্গি ও কারিগরি দক্ষতার সমন্বয়ে তিনি মিডল্যান্ড ব্যাংককের দীর্ঘমেয়াদি লক্ষ্য অর্জনের পথে সফলভাবে নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত