পুঁজিবাজারের বাজার মধ্যস্থতাকারী ছয়টি ব্রোকারেজ হাউজের নেগেটিভ ইক্যুইটি ও আনরিয়েলাইজড লসের বিপরীতে প্রভিশন সংরক্ষণ এবং সমন্বয় সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
প্রতিষ্ঠানগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে নেগেটিভ ইক্যুইটি ও আনরিয়েলাইজড লসের সমন্বয় সংক্রান্ত আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে চারটি মার্চেন্ট ব্যাংকের প্রভিশন সংরক্ষণ ও সমন্বয়ের সময়সীমা বাড়ানোর আবেদন নামঞ্জুর করেছে কমিশন। সম্প্রতি বিএসইসি এমন সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
পুঁজিবাজারে মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান ১০ ব্রোকারেজ ও মার্চেন্ট ব্যাংকের নেগেটিভ ইক্যুইটি ও আনরিয়েলাইজড লসের বিপরীতে প্রভিশন রাখতে সময় বৃদ্ধির আবেদন করেছিল। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, পর্ষদ অনুমোদিত অ্যাকশন প্ল্যানের (কর্মপরিকল্পনা) আলোকে নির্ধারিত শর্ত পূরণের সাপেক্ষে ছয়টি ব্রোকারেজ হাউজের নেগেটিভ ইক্যুইটি ও আনরিয়েলাইজড ক্ষতি সমন্বয়ের সময়সীমা বাড়ানো হয়েছে।