শরীয়তপুরের নড়িয়ায় মাধ্যমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষককে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগে যুবদলের নেতা মিজান শিকদারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি তার সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতা–কর্মীদের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
যুবদলের কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য জানানো হয়। মিজান শিকদার (৩৮) নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি ছিলেন।
এবিষয়ে নড়িয়া উপজেলা যুবদলের সভাপতি নিক্সন খান বুধবার সন্ধ্যা ৬টার দিকে বিষয়টি নিশ্চিত করে বলেন, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি মিজান শিকদারকে দল থেকে বহিষ্কার করেছে। মিজান শিকদার (৩৮) নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পেশীশক্তি প্রদর্শনপূর্বক জনমনে আতঙ্ক সৃষ্টির সুস্পষ্ট অভিযোগে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি মিজান শিকদারকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। যুবদল কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মো. নূরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
বলা হয়েছে, বহিষ্কৃত নেতৃবৃন্দের কোন ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবেনা।
ভুক্তভোগী প্রধান শিক্ষক শেখ নুরুল আমীন (রতন) এর অভিযোগ, তিনি বিদ্যালয়ের দাপ্তরিক কাজ শেষ করে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। ভোজেশ্বর বাজারের তিন দোকান এলাকায় পৌঁছালে ভোজেশ্বর ইউনিয়ন যুবদল নেতা মিজান শিকদার অন্তত ৮/১০ জন লোক নিয়ে তাকে অটোরিকশা থেকে নামিয়ে এলোপাতাড়িভাবে হাত-পায়ে পিটাতে থাকে এসময় তার ডান হাত ভেঙে যায়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে পরিবারের লোকজন তাকে শহরের একটি ক্লিনিকে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে তার ডান হাতের কবজির ওপরিভাগ ভেঙে গেছে বলে জানান।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বলেন, নড়িয়ার বিঝারী উপসী তারা প্রসন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নশাসন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল আমীন রতন। তার সঙ্গে ম্যানেজিং কমিটির বিষয় নিয়ে একটি মারামারির ঘটনা ঘটেছে। কে বা কারা তাকে মেরেছে এবিষয়ে এখনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
