কক্সবাজারে গ্যাস পাম্পে ভয়াবহ বিস্ফোরণ, ৯ জন দগ্ধ

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৭ এএম

কক্সবাজার শহরের কলাতলী এলাকায় একটি পাম্পে গ্যাস লিকেজের ঘটনা থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। এতে ৯ জন দগ্ধ হয়েছেন বলে জানা গেছে। 

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায় বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে হঠাৎ করে পাম্পের গ্যাস লাইনে লিকেজ দেখা দেয়। পরে রাত সাড়ে ১০টার দিকে এই পাম্পে বিস্ফোরণ হয়ে  আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের ৭ টি ইউনিট এবং সেনাবাহিনীর অগ্নিনির্বাপক দল ঘটনাস্থলে এসে আগুন নেভাতে থাকে। রাত সাড়ে ১১টা পর্যন্ত আগুন কিছুটা কমে আসলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে জানা গেছে। এ ঘটনায় গ্যাস পাম্পে থাকা ৭/৮ টি গাড়ি পুড়ে যায়। গ্যাস পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় পার্শ্ববর্তী আদর্শ গ্রাম সহ আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের ৪ জন সহ ৯ জন দগ্ধ হয়ে আহত হয়। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় থাকা একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ৪-৫ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় বলে সদর থানা পুলিশ জানিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত