টেকনাফে মানব পাচারকারীদের ২০ আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ পিএম

কক্সবাজারের টেকনাফে মানব পাচারের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়ে এক কিশোরকে উদ্ধার করেছে পুলিশ ও বিজিবি। এ সময় মানব পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজারছড়া ও আশপাশের পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে মানব পাচারকারীদের প্রায় ২০টি আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়।

পুলিশ সুত্রে জানা যায়, শনিবার (১২ সেপ্টেম্বর) চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়ন থেকে ১৬ বছর বয়সী এক কিশোরকে পাচারের উদ্দেশ্যে প্রলোভন দেখিয়ে অপহরণ করা হয়। পরে তাকে টেকনাফ সদর ইউনিয়নের রাজারছড়া এলাকায় নিয়ে একটি আস্তানায় আটকে রাখা হয়। খবর পেয়ে টেকনাফ মডেল থানার পুলিশ রাজারছড়া এলাকায় অভিযান চালিয়ে কিশোরটিকে উদ্ধার করে। এ সময় তৌহিদুল আলম (২২) ও আবু ছাদেক (২৫) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের ভাষ্য, গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদ এবং উদ্ধার হওয়া কিশোরের দেওয়া তথ্যের ভিত্তিতে মানব পাচারকারীদের আস্তানা সম্পর্কে তথ্য পাওয়া যায়।

এর ভিত্তিতে ১৩ সেপ্টেম্বর রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টেকনাফ মডেল থানা পুলিশ ও টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) সদস্যরা রাজারছড়া ও সংলগ্ন পাহাড়ি এলাকায় যৌথ অভিযান চালান। অভিযানে মানব পাচারের কাজে ব্যবহৃত প্রায় ২০টি আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করেন। 

সর্বশেষ সর্বাধিক পঠিত